কৃষি ব্যাংক শিগগিরই এটিএম ও অনলাইন সেবা চালু করবে
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) শিগগির এটিএম বুথ স্থাপনসহ অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করবে। এ ছাড়া চলতি বছরেই ব্যাংকের শাখার সংখ্যা এক হাজারে উন্নীত করা হবে।বিকেবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম গত শুক্রবার ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য প্রকাশ করেন। ব্যাংকের ঢাকার মিরপুরের প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জয়নাল আবেদীন ও মনজুর আহমদ, উপমহাব্যবস্থাপক এ টি এম আনিসুর রহমান, প্রধান কার্যালয়সহ মাঠপর্যায়ের সব মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকেরা, করপোরেট শাখা-প্রধানেরা ও আঞ্চলিক ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী সততা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে কৃষি ব্যাংক এ দেশে একটি আদর্শ ব্যাংকে পরিণত হবে।