
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ভেতরে ও বাইরে অসাধু চক্র সক্রিয়। চক্রটি ব্যাংকের ব্যবসায়িক ও প্রশাসনিক শৃঙ্খলা বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন বিকেবির বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ ইউসুফ।
এম এ ইউসুফ চিঠিতে আরও বলেছেন, সামগ্রিকভাবে ব্যাংক খাতে অনিয়মের ফলে বিকেবিও ক্ষতিগ্রস্ত হয়, যার সঙ্গে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা জড়িত।
বিকেবিতে দুই বছর দায়িত্ব পালন শেষে সম্প্রতি বিদায় নেন এম এ ইউসুফ। এর আগে গত ১৫ সেপ্টেম্বর এম এ ইউসুফ অর্থমন্ত্রীকে ছয় পৃষ্ঠার চিঠিটি দেন। চিঠিতে ব্যাংকের সার্বিক পরিস্থিতিও তুলে ধরেন তিনি। অর্থমন্ত্রী ওই চিঠি পড়ে মন্তব্য করেন, ‘গুড পারফরম্যান্স বলে মনে হয়’।
চিঠি বিশ্লেষণে দেখা যায়, এম এ ইউসুফের দুই বছরে বিকেবির খেলাপি ঋণের হার কমেনি। উন্নতি হয়নি ঋণ আদায় পরিস্থিতিরও। এ ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স (প্রবাসী আয়) আসার পরিমাণও দুই বছরে কমে গেছে।
এম এ ইউসুফ ২০১৪ সালের মধ্য অক্টোবরে বিকেবিতে এমডি হিসেবে যোগ দেন। এর আগে তিনি সাবেক বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস), অগ্রণী ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংকেরও এমডি ছিলেন।
অর্থমন্ত্রীকে এম এ ইউসুফ বলেন, ২০০৮-০৯ অর্থবছর থেকে বৈদেশিক বাণিজ্য খাতে গুরুত্ব দিয়ে অনিয়মিত বাণিজ্যিক ঋণের মাধ্যমে বিকেবির বিপুল পরিমাণ অর্থকে ঝুঁকির মুখে ফেলা হয়। সে সময় এ ধরনের (বাণিজ্যিক ঋণ) অপপ্রয়াস চালানো হয় মূলত ব্যাংকটিকে লাভজনক করার মিথ্যা প্রচারণায়।
চিঠিতে উল্লেখ করা হয়, এম এ ইউসুফ এমডি হয়ে আসার আগে ২০১৩-১৪ অর্থবছরে এই ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪ হাজার ৫৬২ কোটি টাকা, যা মোট ঋণের ২৮ শতাংশ। তাঁর সময়কালে ২০১৫-১৬ অর্থবছরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৮৪১ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২৭ দশমিক ৫১ শতাংশ।
এ ছাড়া ২০১৪-১৫ অর্থবছরে ৭ হাজার ৮৮২ কোটি টাকা ঋণ আদায় হলেও ২০১৫-১৬ অর্থবছরে আদায় হয়েছে তার চেয়েও কম, অর্থাৎ ৭ হাজার ৩১২ কোটি টাকা।
বৈদেশিক বাণিজ্য এবং অকৃষি খাতে অনিয়মিত ঋণ দেওয়ার কারণে কম টাকা আদায় হয়েছে বলে ব্যাখ্যা দেন এম এ ইউসুফ। বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কৃষিঋণ পুনঃতফসিল করাও টাকা কম আদায়ের কারণ।
চিঠিতে এম এ ইউসুফ বলেন, ‘আমার যোগদানের আগে বৈদেশিক বাণিজ্যিক ঋণের নামে যে ঋণ বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছিল, তা সংশোধনে আরও সময় দরকার।’
দুই বছরে বিকেবির মাধ্যমে দেশে প্রবাসী আয় কম এলেও অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে এ বিষয়ে কোনো তথ্য দেননি বিকেবির সাবেক এমডি। শুধু বলেছেন, ‘২০১৫-১৬ সালে জাতীয় পর্যায়ে প্রবাসী আয় কম আসার কারণ বিদ্যমান ছিল।’
বিকেবি সূত্রে জানা গেছে, এই ব্যাংকের মাধ্যমে ২০১৩-১৪ অর্থবছরে ১ হাজার ৮৮০ কোটি, ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৮৪৫ কোটি এবং ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৬১৩ কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে।
যোগাযোগ করলে এম এ ইউসুফ গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অসাধু চক্র যে সক্রিয় অনেকেই তা জানেন, গণমাধ্যমেও কিছু কিছু উঠে এসেছে। যতদূর সম্ভব আমি এ চক্র ভেঙেছি।’
বিকেবির সার্বিক পরিস্থিতির তো উন্নতি করতে পারেননি—এমন প্রশ্নের জবাবে এম এ ইউসুফ বলেন, ‘অর্থমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে উন্নতির চিত্র আমি তুলে ধরেছি।’
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, ‘অসাধু চক্র সক্রিয় থাকার কথা চলে যাওয়ার সময় বললে হবে? আগে বললেই পারতেন।’
তিন সপ্তাহ ধরে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন বিকেবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবুল হোসেন। দেশের আরেকটি বিশেষায়িত ব্যাংকের এমডিকে বিকেবির এমডি পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিকেবির ১ হাজার ৩১টি শাখা রয়েছে। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির আমানতের পরিমাণ ২১ হাজার কোটি টাকা।