কৃষি যন্ত্রপাতি উৎপাদনে বেলারুশকে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর
বেলারুশের উদ্যোক্তাদের বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি ও কেমিক্যাল বা রাসায়নিক পণ্য উৎপাদন এবং মানবসম্পদ উন্নয়ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।সফররত বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচের সঙ্গে রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার দ্বিপক্ষীয় বৈঠককালে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান। শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশের শিল্প খাতের টেকসই বিকাশের জন্য প্রযুক্তি হস্তান্তরে শিল্পোন্নত বেলারুশের উদ্যোক্তারা এগিয়ে আসতে পারেন। এ ছাড়া সম্ভাবনাময় ইলেকট্রনিকস শিল্প খাতে উচ্চপ্রযুক্তির কারখানা স্থাপনের জন্যও বেলারুশের প্রতি আহ্বান জানান তিনি। শিল্পমন্ত্রী আরও বলেন, ‘মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ও প্রশিক্ষণ খাতে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হতে পারে।’ এ জন্য তিনি বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি আমদানির জন্য বেলারুশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মিখাইল মিয়াসনিকোভিচ বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতে বেলারুশের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। এখন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্র চিহ্নিত করতে হবে।’বৈঠকে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শিল্প খাতে দ্বিপক্ষীয় সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষি যন্ত্রপাতি উৎপাদন ও আধুনিকায়ন এবং শিল্পের অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে ঐকমত্য পোষণ করেন তাঁরা।বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল শিল্প সংস্থার (বিএসইসি) চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং বেলারুশের সফররত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।