কৃষিঋণ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দিয়ে নতুন কৃষি ও পল্লিঋণ বিতরণ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবার ব্যাংকগুলোর ঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১৪ হাজার ১৩০ কোটি টাকা। ঋণ আবেদনের সর্বোচ্চ ১০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে বলা হয়েছে নতুন নীতিমালায়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার চলতি অর্থবছরের জন্য নতুন এই নীতিমালা ঘোষণা করেন। হয়রানিমুক্তভাবে ঋণ বিতরণের নির্দেশনা রয়েছে এই নীতিমালায়।অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহী ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক এস এম মুনীরুজ্জামান, কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক নির্মল চন্দ্র ভক্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে ডেপুটি গভর্নর সুর চৌধুরী ও ব্যাংক শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন গণমাধ্যমের কাছে বক্তব্য তুলে ধরেন।নীতিমালায় বলা হয়েছে, কৃষকদের কোনো ঋণ আবেদন বিবেচনা করা না গেলে ঋণ না পাওয়ার কারণ উল্লেখ করে তা জানাতে হবে। ঋণের আবেদন সর্বোচ্চ ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ১০ টাকায় খোলা কৃষক অ্যাকাউন্টকে উৎসাহিত করতে এ হিসাবের মাধ্যমে ঋণ বিতরণ, কৃষি ভর্তুকি প্রাপ্তি নিশ্চিত করতে হবে। প্রকৃত কৃষকেরাই যেন সময়মতো ঋণ পান, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া কৃষিঋণের বিষয়ে কোনো কৃষকের অভিযোগ থাকলে তিনি ১৬২৩৬ নম্বরে ফোন করে কেন্দ্রীয় ব্যাংককে তা জানাতে পারবেন।সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, বিদায়ী অর্থবছর যেসব ব্যাংক শতভাগ ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাদের অনর্জিত অংশের ৩ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে ১৯টি ব্যাংককে সাড়ে ২৩ কোটি টাকা জমা রাখতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ নীতিমালার আলোকে ব্যাংকের নিজস্ব নীতিমালা তৈরি করে আগামী ১২ আগস্টের মধ্যে তা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।সুর চৌধুরী আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে জমা করা কোনো ব্যাংকের অনর্জিত অংশ পরবর্তী অর্থবছরে লক্ষ্যমাত্রার সঙ্গে যোগ করে বিতরণ করলে তা ফেরত দেওয়া হবে।নূরুল আমিন বলেন, বিদায়ী অর্থবছর কৃষি খাতে মোট লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ বিতরণকে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচকভাবে দেখছে। তিনি বলেন, চলতি বছর থেকে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমেও কৃষকের হিসাব খোলার বিষয়টি বিবেচনায় রয়েছে।বৈঠকে লিখিত বক্তব্যে গভর্নর জানান, বিদায়ী ২০১১-১২ অর্থবছর ১৩ হাজার ৮০০ কোটি টাকা ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকগুলো ১৩ হাজার ১৩৭ কোটি টাকা বিতরণ করেছে।