কৃষিঋণ বিতরণ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রাধিকার খাত হলেও কৃষিতে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে। অভিযোগ রয়েছে, অন্য খাতের তুলনায় কৃষিঋণের সুদহার কম হওয়ায় ব্যাংকগুলো এ খাতে ঋণ বিতরণে আগ্রহ দেখাচ্ছে না।
তবে কৃষি ব্যাংকসহ কৃষি খাত সংশ্লিষ্ট ব্যাংকাররা বলছেন, ডিসেম্বর থেকে কৃষিঋণের চাহিদা বৃদ্ধি পায়। আশা করা হচ্ছে, আগামী মার্চের মধ্যে পরিস্থিতি বদলে লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে।
চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে যে পরিমাণ কৃষিঋণ বিতরণ হয়েছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তা প্রায় ৪ শতাংশ কম।
এ পরিস্থিতির মধ্যে কৃষিঋণে বর্তমানের তুলনায় সুদহার ২ শতাংশ কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
অনেক দিন কৃষি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি প্রথম আলোকে বলেন, কৃষি খাতে ব্যাংকগুলোর খেলাপি ঋণ পরিমাণের দিক থেকে কম। তবে এখানে কিছু খেলাপি ঋণ সৃষ্টিও হয়। ইব্রাহিম খালেদ মনে করেন, হয়ত মৌসুমের কারণে এই মুহূর্তে কৃষিঋণের চাহিদা কম রয়েছে। মূল চাহিদাটা হয় আমন মৌসুমে। ইরি-বোরো মৌসুমে চাহিদা একটু কম থাকে। আশা করা যায়, অর্থবছরের শেষ সময়ে এসে ঋণ বিতরণ বেড়ে লক্ষ্যমাত্রা অর্জন হবে। তবে বেসরকারি অনেক ব্যাংক বেশি মুনাফার আশায় এ খাতে ঋণ বিতরণে তেমন আগ্রহ দেখায় না উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ব্যাংকগুলো কৃষি খাতে পাঁচ হাজার ২৮৮ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। আগের বছরের একই সময়ে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ৫০১ কোটি টাকা। এ হিসাবে একই সময়ের তুলনায় ঋণ বিতরণ কমেছে ২১৩ কোটি টাকা বা ৩ দশমিক ৮৭ শতাংশ। নভেম্বর পর্যন্ত বিতরণ হওয়া ঋণ চলতি অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে বিতরণের হার ছিল ৩৭ দশমিক ৬৯ শতাংশ। মূলত সরকারি ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমার ফলে সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পুরো অর্থবছরের ৯ হাজার ১৪০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে পাঁচ মাসে ২ হাজার ৯৯৭ কোটি টাকা বিতরণ করেছে। আগের অর্থবছর ৮ হাজার ৭৯০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে একই সময়ে বিতরণ করেছিল ৩ হাজার ৫০৬ কোটি টাকা। এ হিসাবে তাদের বিতরণ কমেছে ৫০৯ কোটি টাকা।
বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য এবার ৬ হাজার ৪০১ কোটি টাকা লক্ষ্যমাত্রা রয়েছে। পাঁচ মাসে তাদের বিতরণ হয়েছে ২ হাজার ২৯২ কোটি টাকা। আগের অর্থবছরে ৫ হাজার ৮০৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে পাঁচ মাসে বিতরণ করেছিল ১ হাজার ৯৯৫ কোটি টাকা। ওই সময়ে বিতরণ বেড়েছিল ২৯৭ কোটি টাকা।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, অগ্রাধিকার খাত বিবেচনায় কৃষি খাতে ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলোকে বলা হচ্ছে। এ দফাতে কৃষিঋণের সুদহার ২ শতাংশ কমানো হয়েছে। আবার পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় সর্বোচ্চ সাড়ে ৯ শতাংশের মধ্যে কৃষিঋণ বিতরণের নির্দেশও দেওয়া হয়েছে। এনজিওদের মাধ্যমেও যদি কেউ এ ঋণ বিতরণ করে, তারও সুদহার সর্বোচ্চ সাড়ে ৯ শতাংশ করা হয়েছে। ঋণ চাহিদা বৃদ্ধি করতেই সুদহার কমানো হয়েছে উল্লেখ করেন তিনি।
মাহফুজুর রহমান আশা করেন, ডিসেম্বর শেষে পরিস্থিতির উন্নতি হবে। সুদহার কমানোর ফলে কৃষকেরা বর্তমানের তুলনায় বেশি উপকৃত হবেন। স্বাভাবিকভাবে ঋণ চাহিদাও বাড়বে।