
দেশে ব্যাংক খাতে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে অর্থাৎ জুলাই-নভেম্বরে ছয় হাজার ৯৫ কোটি টাকা আদায়ের বিপরীতে বিতরণ হয়েছে পাঁচ হাজার ৫০০ কোটি টাকা।
আবার গত ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে পাঁচ হাজার ১২৭ কোটি টাকা আদায়ের বিপরীতে বিতরণ করা হয় চার হাজার ৫৬১ কোটি টাকা। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৩৮ শতাংশ।
ফলে আলোচ্য সময়ে ঋণ আদায় আগের অর্থবছরের চেয়ে ১৮ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। আবার বিতরণ বেড়েছে ২০ দশমিক ৫৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, শুধু নভেম্বরে বকেয়া আদায় হয়েছে এক হাজার ৪৭৬ কোটি টাকা। এবং এ আদায়ের বিপরীতে চলতি অর্থবছরের পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ এক হাজার ৩৭৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। গত নভেম্বরে এক হাজার ১৭১ কোটি টাকা আদায়ের বিপরীতে এক হাজার ২৩৩ কোটি টাকা বিতরণ করা হয়।
এ ছাড়া জুলাইয়ে ৮০০ কোটি টাকা আদায়ের বিপরীতে বিতরণ হয় ৯৮১ কোটি; আগস্টে বিতরণ ৫৬৭ কোটি ও আদায় এক হাজার কোটি; সেপ্টেম্বরে এক হাজার ৩০৬ কোটি আদায়ের বিপরীতে এক হাজার ৩১২ টাকা বিতরণ এবং অক্টোবরে আদায় ও বিতরণ যথাক্রমে এক হাজার ৫১১ কোটি ও এক হাজার ২৬০ কোটি টাকা।
কৃষিঋণের মধ্যে দুই ভাগে অর্থাৎ শস্য ও নন-ফার্ম (যেমন: গবাদিপশু ও মৎস্য খামার) খাতে ঋণ দেওয়া হয়।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে শস্যে পাঁচ হাজার ২৬৬ কোটি টাকা আদায়ের বিপরীতে চার হাজার ৭৭০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া নন-ফার্মে ৮২৮ কোটি টাকা আদায়ের বিপরীতে ৭৩০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।