কৃষিঋণ বিতরণ লক্ষ্যের চেয়ে ২০ শতাংশ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে দেশের ব্যাংকগুলো লক্ষ্যের চেয়ে বেশি কৃষিঋণ বিতরণ করেছে। আলোচ্য সময়ে কৃষি খাতে ২০ হাজার ৯৯৯ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, লক্ষ্যের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে কৃষিঋণ বিতরণের পরিমাণ ছিল ১৭ হাজার ৭১২ কোটি টাকা। অর্থাৎ সার্বিকভাবে কৃষিঋণ বিতরণ আগের অর্থবছরের চেয়ে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ৮টি ব্যাংকের জন্য নির্ধারিত ছিল ৯ হাজার ২৯০ কোটি টাকা। বছর শেষে এসব ব্যাংক ৯ হাজার ৬৯৮ কোটি টাকা বিতরণ করেছে, যা লক্ষ্যের চেয়ে ৪ শতাংশ বেশি। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো এ সময়ে ১১ হাজার ৩০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ দশমিক ৮১ শতাংশ বেশি।

গত বছর কৃষি খাতে ঋণ বিতরণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের জোর তৎপরতা দেখা গেছে। অগ্রাধিকার খাত হিসেবে এ খাতে ঋণ বিতরণ বাড়াতে বিভিন্ন সময় ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোও কৃষিঋণ বিতরণে বেশ তৎপর ছিল। এসব কারণেই কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে বলে জানান ব্যাংকাররা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংক ও বিডিবিএল কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। অগ্রণী ব্যাংক ৬৩১ কোটি টাকা বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ। বিডিবিএল মাত্র ৫ কোটি ৪০ লাখ টাকা বিতরণ করেছে। এ ব্যাংকের বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৫০ কোটি।

অন্যদিকে বেসরকারি ফারমার ব্যাংক, মধুমতী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বিদেশি মালিকানার ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান কৃষি খাতে কোনো ঋণ বিতরণ করেনি।