কৃষিঋণ বিতরণে প্রবৃদ্ধির হার অনেক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিঋণ বিতরণের প্রবৃদ্ধির হার শ্লথ হয়ে পড়েছে। গত কয়েক বছরের মধ্যে এবারই কৃষিঋণ বিতরণের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম বলে প্রতীয়মান হয়। বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনও এবার কঠিন হয়ে যাচ্ছে।চলতি ২০১১-১২ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) ১০ হাজার ২০০ কোটি ২৭ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত এই ঋণ বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৭৪ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। এতে আরও দেখা যায়, ২০১০-১১ অর্থবছরের একই সময়ে বিতরণকৃত কৃষিঋণের পরিমাণ ছিল নয় হাজার ৬৫২ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ বার্ষিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র সাড়ে ৫ শতাংশ।এই প্রবণতা বজায় থাকলে অর্থবছরের শেষে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। তবে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরে ১৩ হাজার ৮০০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।এদিকে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট বার্ষিক কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১৪ হাজার ১৩০ কোটি টাকা।২০০৭-০৮ অর্থবছরে কৃষিঋণ বিতরণে ৬২ শতাংশ হারে বার্ষিক প্রবৃদ্ধি অর্জনের পর ২০০৮-০৯ অর্থবছরে তা নেমে আসে ৮ দশমিক ২০ শতাংশে। ২০০৯-১০ অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ১৯ দশমিক ৭৪ শতাংশে উন্নীত হয়, যা ২০১০-১১ অর্থবছরে দাঁড়ায় ৯ দশমিক ৬০ শতাংশে।প্রাপ্ত পরিসংখ্যানে আরও দেখা যায়, এপ্রিল মাসে এক হাজার ১০ কোটি ৭৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। মার্চ মাসে বিতরণ করা হয়েছিল দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ। আর ফেব্রুয়ারি মাসে বিতরণ করা হয়েছিল এক হাজার ১৩ কোটি ৫২ লাখ টাকার কৃষিঋণ।প্রাপ্ত পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কৃষিঋণ বিতরণের পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ কমে গিয়েছিল। এই সময়কালে পাঁচ হাজার ৭৩০ কোটি ২৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছিল। আর ২০১০-১১ অর্থবছরের একই সময়ে বিতরণ করা হয়েছিল ছয় হাজার ২২৪ কোটি ৮১ লাখ টাকা।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে ১০ হাজার ৭০ কোটি ৮৮ লাখ টাকার বকেয়া কৃষিঋণ আদায় হয়েছিল। যা ২০১০-১১ অর্থবছরের একই সময়ে ছিল নয় হাজার ৩৬৬ কোটি ২২ লাখ টাকা।