কৃষিঋণ বিতরণে বৈচিত্র্য বাড়ছে
কৃষি খাতে শস্যের পরই প্রাণিসম্পদ, হাঁস-মুরগি ও মৎস্য খাতে ঋণের চাহিদা বাড়ছে। ফলে ব্যাংকগুলোও শস্যের পাশাপাশি এসব খাতে কৃষিঋণ বিতরণে মনোযোগ দিচ্ছে। গত জুলাইয়ে ব্যাংকগুলো মোট ১ হাজার ৫৬ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে। এর বড় অংশই গেছে শস্যবহির্ভূত খাতে।
জানা গেছে, আলোচ্য সময়ে বিতরণ হওয়া মোট কৃষিঋণের মধ্যে শস্য খাতে ৪৭০ কোটি টাকা, প্রাণিসম্পদ ও হাঁস-মুরগি খাতে ২০৫ কোটি টাকা, মৎস্য খাতে ১১১ কোটি টাকা এবং দারিদ্র্য বিমোচন খাতে ১১০ কোটি টাকা গেছে। এ ছাড়া সেচযন্ত্র খাতে সাড়ে ৬ কোটি, কৃষিযন্ত্র খাতে সাড়ে ৩ কোটি, শস্য স্টোরেজ ও বাজারজাতকরণ খাতে ৬ কোটি টাকা বিতরণ হয়েছে।
জুলাইয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক বিতরণ করেছে ১৫১ কোটি টাকা। অগ্রণী ব্যাংক ২৬ কোটি টাকা, বেসিক ব্যাংক ৫ কোটি টাকা, জনতা ব্যাংক ১৮ কোটি টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ২১ কোটি টাকা ও সোনালী ব্যাংক ২৬ কোটি টাকা বিতরণ করেছে। এ সময়ে অবশ্য দেশি-বিদেশি ১০টি ব্যাংক কোনো কৃষিঋণ বিতরণ করেনি।
চলতি ২০১৬-১৭ অর্থবছরে ১৭ হাজার ৫৫০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকারি খাতের ব্যাংকগুলো বিতরণ করবে ৯ হাজার ২৯০ কোটি টাকা, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করবে ৮ হাজার ২৬০ কোটি টাকা।