কৃষিঋণ বিতরণে শ্লথগতি
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসে দেশের ব্যাংকগুলো কৃষিঋণের বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৫৬ শতাংশ বিতরণ করেছে। আর গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই সময়কালে ঋণ বিতরণ কিছুটা কমে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে জানা যায়, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো এই সময়কালে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ বিতরণ করলেও বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো তাদের সমন্বিত লক্ষ্যমাত্রার মাত্র সাড়ে ৪৭ শতাংশ ঋণ বিতরণ করেছে।আবার গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য সময়কালে কৃষিঋণ বিতরণ প্রায় পৌনে চার শতাংশ কমে গেছে। গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে মোট সাত হাজার ৯৯০ কোটি ২২ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে বিতরণ করা হয়েছে সাত হাজার ৬৮৮ কোটি ৯০ লাখ টাকার ঋণ। আর এ বছর কৃষিঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮০০ কোটি টাকা।এই ধারা চলতে থাকলে চলতি অর্থবছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, এই আট মাসে সরকারি ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৭৫ শতাংশ ঋণ বিতরণ করে ফেলেছে। ৭৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এই ব্যাংকটি আট মাসে বিতরণ করেছে ৫৬১ কোটি ৮৩ লাখ টাকা। এর পরের অবস্থানে আছে সোনালী ব্যাংক। বার্ষিক এক হাজার ১৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৬৬ শতাংশ বা ৭৫৭ কোটি টাকার কিছু বেশি কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকটি।বাংলাদেশ কৃষি ব্যাংক এই সময়কালে তাদের বার্ষিক লক্ষ্যমাত্রা চার হাজার ৬০০ কোটি টাকার বিপরীতে বিতরণ করেছে দুই হাজার ৮৩১ কোটি ৯০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার সাড়ে ৬১ শতাংশ। বাংলাদেশ কৃষি ব্যাংকই এককভাবে সবচেয়ে বেশি কৃষিঋণ বিতরণ করে থাকে।দেশের উত্তরাঞ্চলের কৃষি ও পল্লিঋণ প্রদানের জন্য গঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই সময়কালে বিতরণ করেছে ৬৯১ কোটি ৫২ লাখ টাকা, যা ব্যাংকটির বার্ষিক লক্ষ্যমাত্রা এক হাজার ২২০ কোটি টাকার সাড়ে ৫৬ শতাংশ।সরকারি ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক আট মাসে বিতরণ করেছে প্রায় ৩২২ কোটি টাকার কৃষিঋণ, যা বার্ষিক লক্ষ্যমাত্রা ৬৬০ কোটি টাকার প্রায় ৪৯ শতাংশ।তবে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা রূপালী ব্যাংকের। এ বছর ব্যাংকটি ১৩০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আট মাসে মাত্র সাড়ে ১৯ কোটি টাকা বিতরণ করতে পেরেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ১৫ শতাংশ।বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য চলতি অর্থবছরে পাঁচ হাজার ২৯০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের সমন্বিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অর্থবছরের আট মাসে এই ব্যাংকগুলো মোট দুই হাজার ৫০৫ কোটি ১৯ লাখ টাকা বিতরণ করেছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার অর্ধেকের কম কৃষিঋণ বিতরণ করা হয়েছে।অবশ্য মোট কৃষিঋণের মধ্যে অকৃষি পল্লিঋণও অন্তর্ভুক্ত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে ব্যাংকগুলো মোট দুই হাজার ৬৮৮ কোটি ৩৭ লাখ টাকার অকৃষি পল্লিঋণ বিতরণ করেছে। বাকি পাঁচ হাজার ২০০ কোটি টাকা গেছে কৃষিঋণ হিসেবে, যার মধ্যে আছে শস্যঋণ, সেচঋণ, গবাদিপশু ঋণ, মৎস্যঋণ, শস্য মজুদ ও বিপণন ঋণ ইত্যাদি।