কৃষিঋণ বিতরণে সফল ৩৮ ব্যাংককে সম্মাননাপত্র দিল বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪-১৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষিঋণ বিতরণ করায় ৩৮টি ব্যাংককে সম্মাননাপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই অর্থবছরে এসব ব্যাংক ১৫ হাজার ৫০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ১৫ হাজার ৯৭৯ কোটি টাকার ঋণ।
গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে লক্ষ্যমাত্রা পূরণে সফল ৩৮ ব্যাংককে গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত সম্মাননাপত্র দেওয়া হয়। ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও প্রতিনিধিদের হাতে সম্মাননাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
আলোচ্য অর্থবছরে ১৮টি ব্যাংক অবশ্য কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
সম্মাননা পাওয়া ব্যাংকগুলো হলো জনতা, কৃষি, বেসিক, ইসলামী, আল-আরাফাহ্ ইসলামী, সোস্যাল ইসলামী (এসআইবিএল), এক্সিম, পূবালী, উত্তরা, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, ইউসিবি, ব্যাংক এশিয়া, আইএফআইসি, প্রিমিয়ার, এনআরবি কমার্শিয়াল, বাংলাদেশ কমার্স, ব্র্যাক ব্যাংক, প্রাইম, যমুনা, স্ট্যান্ডার্ড, ওয়ান, মিউচুয়াল ট্রাস্ট, মধুমতি, মিডল্যান্ড, ট্রাস্ট, ইবিএল, ডাচ্-বাংলা, দ্য সিটি, এনআরবি, দ্য ফারমার্স, উরি, হাবিব, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, আল-ফালাহ, সিটি এনএ, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড।
নিয়মানুযায়ী, কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে যে অর্থ থেকে যায় তা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা বাধ্যতামূলক। এ অর্থের ওপর বাংলাদেশ ব্যাংক কোনো সুদ দেয় না। পরের বছর অনর্জিত অংশসহ লক্ষ্যমাত্রা পূরণ করলে কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকা অর্থ ফেরত দেওয়া হয়।