কৃষিঋণ বিতরণের চেয়ে আদায় বেশি
চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের ব্যাংকব্যবস্থা থেকে কৃষিঋণ বিতরণের তুলনায় বকেয়া ঋণ আদায় বেশি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায়, জুলাই-সেপ্টেম্বর সময়ে কৃষিঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৫৩৩ কোটি ৩৭ লাখ টাকা। আর গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ ঋণ বিতরণের পরিমাণ ছিল এক হাজার ৯১২ কোটি ৩৭ লাখ টাকা।অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের চেয়ে কৃষিঋণ বিতরণ প্রায় সাড়ে ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বকেয়া কৃষিঋণ আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ২১ কোটি ৯৬ লাখ টাকা। আর গত অর্থবছর একই সময়ে বকেয়া কৃষিঋণ আদায়ের পরিমাণ ছিল দুই হাজার ৬০৭ কোটি ৩৯ লাখ টাকা। ফলে বকেয়া ঋণ আদায় বেড়েছে প্রায় ১৬ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল যথাক্রমে ৮৭৬ কোটি ৬১ লাখ টাকা ও ৬৬৬ কোটি ৩৮ লাখ টাকা। আর সেপ্টেম্বরে এই অঙ্ক দাঁড়িয়েছে ৯৯০ কোটি ৩৮ লাখ টাকায়। অন্যদিকে গত বছরের জুলাই ও আগস্টে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল যথাক্রমে ৬৪৫ কোটি ৮৩ লাখ ও ৬২৫ কোটি ৬১ লাখ টাকা, যা সেপ্টেম্বরে ছিল ৬৪০ কোটি ৯৩ লাখ টাকা।আবার ঋণ আদায়ের প্রবণতা পর্যালোচনা করলে দেখা যায়, এ বছর জুলাইয়ে আদায় হয়েছে এক হাজার ৪১৯ কোটি ৯৩ লাখ টাকার বকেয়া কৃষিঋণ, যা আগস্টে ছিল ৬৫৯ কোটি ৮৩ লাখ টাকা। আর সেপ্টেম্বরে এসে বেড়ে হয়েছে ৯৪২ কোটি ২০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছর ১২ হাজার ৬১৭ কোটি ৪০ লাখ টাকার কৃষিঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রা ধার্য করেছে। গত অর্থবছর ১১ হাজার ৫১২ কোটি ৩০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে শেষ পর্যন্ত বিতরণ করা হয়েছিল ১১ হাজার ১১৬ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ।