চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম চার মাস অর্থাৎ জুলাই-অক্টোবর সময়কালে কৃষিঋণ বিতরণের চেয়ে আদায় বেশি হয়েছে। এই সময়কালে ব্যাংকগুলো মোট তিন হাজার ৯৫৬ কোটি ১৮ লাখ টাকার বকেয়া কৃষিঋণ আদায় করেছে। এর বিপরীতে একই সময় বিতরণ করা হয়েছে তিন হাজার ৩২৭ কোটি ৭৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে আরও দেখা যায়, কৃষিঋণ আদায়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের চেয়ে কম। ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাসে চার হাজার ৮১ কোটি ৪৫ লাখ টাকার বকেয়া কৃষিঋণ আদায় করা হয়, যা এ বছরের একই সময়ের আদায়ের চেয়ে ৩ শতাংশ কম। তবে আলোচ্য সময়কালে কৃষিঋণের বিতরণ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে তিন হাজার ৩২৭ কোটি ৭৬ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তিন হাজার ১০ কোটি টাকার চেয়ে ১০ দশমিক ৫৫ শতাংশ বেশি। বিতরণ করা এই ঋণ চলতি অর্থবছরের বার্ষিক লক্ষ্যমাত্রার ২৩ দশমিক ৫৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছর ১৪ হাজার ১৩০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এ বছর অক্টোবর মাসে এক হাজার ৩৫ কোটি ২৩ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়। আর আদায় করা হয় এক হাজার ২৬৫ কোটি ৩৯ লাখ টাকা। অন্যদিকে গত বছরের অক্টোবর মাসে ৯৫৮ কোটি ৩৪ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয় আর আদায় হয় এক হাজার ২৬৫ কোটি ৩৯ লাখ টাকা। এ ছাড়া গত সেপ্টেম্বরে ৯৩৬ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়। গত অর্থবছরের একই সময়ের তা ছিল ৮৯৮ কোটি ৯৬ লাখ টাকা। আর ওই সময় কৃষিঋণ আদায়ের পরিমাণ ছিল ৮১১ কোটি ৬৬ লাখ টাকা। গত ২০১১-১২ অর্থবছর ১৩ হাজার ৯৪৫ কোটি ৮১ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়। অন্যদিকে একই সময়ে কৃষিঋণ আদায় হয়েছিল ১২ হাজার ৩৫৯ কোটি টাকা।