কৃষিঋণ বিতরণের লক্ষ্য অর্জনে কিছুটা কঠোরতা
লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষিঋণ বিতরণ করতে না পারলে অর্থবছর শেষে কোনো ব্যাংক যতটুকু পরিমাণ বিতরণ করতে পারবে না, তার ৩ শতাংশ বাংলাদেশ ব্যাংকে জমা করতে হবে। এই অর্থের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক কোনো সুদ দেবে না। বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি নির্দেশনা গত সোমবার ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কৃষি খাতে ব্যাংকের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা অর্জনে এখন থেকে প্রতি তিন মাসের পরিবর্তে প্রতি মাসে আনুপাতিক লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা করতে হবে। আর তিন মাসের হিসাবের পর্যালোচনায় যদি দেখা যায় লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি, তাহলে যে পরিমাণ অর্থ বিতরণ করা যায়নি, তা বাংলাদেশ ব্যাংকের কাছে এক বছরের জন্য জমা রাখা যেতে পারে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের মোট কৃষি ও পল্লিঋণ বিতরণ লক্ষ্যমাত্রা যা হোক না কেন, তা ব্যাংকটি আগের অর্থবছরের ৩১ মার্চ পর্যন্ত মোট ঋণ ও অগ্রিমের ২ দশমিক ৫ শতাংশ বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার সমান বা বেশি হলে তাদের ক্ষেত্রে এ প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
এর আগে ২০১১ সালে দেওয়া নির্দেশনা অনুসারে কৃষিঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাস্তবায়ন করা হতো। ওই নির্দেশে বলা ছিল, ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার যতটা বিতরণ করতে পারবে না, সেই পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। আর এর বিপরীতে ৫ শতাংশ হারে সুদ দেওয়া হতো ব্যাংকগুলোকে।
সাম্প্রতিক সময়ে কৃষি খাতে ঋণ বিতরণ বেশ কমে গেছে। বাংলাদেশ ব্যাংকেরতথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের পাঁচ মাসে ব্যাংকগুলো কৃষি খাতে মোট পাঁচ হাজার ২৮৮ কোটি টাকা বিতরণ করেছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১৩ কোটি টাকা বা ৩ দশমিক ৮৭ শতাংশ কম।