কৃষিজ পণ্য রপ্তানি বেড়েছে ৯ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা পাতা
চা পাতা

চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশ থেকে কৃষিপণ্য রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ৯ শতাংশ বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় যে আলোচ্য সময়ে মোট ৩৬ কোটি ডলারের কৃষিজ পণ্য রপ্তানি হয়েছে, যেখানে ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৩২ কোটি ৮৭ লাখ ডলারের।
অবশ্য চলতি অর্থবছরের প্রথম আট মাসে কৃষিজ পণ্য রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৪১ কোটি ডলার। সে হিসাবে কৃষিজ পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১২ শতাংশ কম হয়েছে।
ইপিবি প্রধান কৃষিজ পণ্য হিসেবে চা, সবজি, তামাক, ফুল, ফল, মসলা ও শুকনো খাবারকে তালিকাভুক্ত করেছে।
এগুলোর মধ্যে চায়ের রপ্তানি ১১ শতাংশ বেড়ে হয়েছে ১৮ লাখ ডলার। সবজি রপ্তানি থেকে আয় হয়েছে আট কোটি ৬৫ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। শুকনো খাবার রপ্তানি ৬১ শতাংশ বেড়ে হয়েছে তিন কোটি ৭৫ লাখ ডলার। আর তামাক রপ্তানি সাড়ে ৯ শতাংশ বেড়ে হয়েছে পাঁচ কোটি ডলার।
তবে ফুল রপ্তানি ১০ শতাংশ কমে হয়েছে আড়াই কোটি ডলার। একইভাবে মসলা রপ্তানি ২০ শতাংশ কমে হয়েছে এক কোটি ২৩ লাখ ডলার। সবচেয়ে বেশি কমেছে ফল রপ্তানি। গতবারের তুলনায় ৭২ শতাংশ কমে হয়েছে এক কোটি ৩৫ লাখ ডলার।