কৃষিজমি ধ্বংস রোধ করা হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, স্বল্প আয়ের মানুষ যাতে সস্তায় খেতে পারে, সে জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। চালু রাখা হবে খোলাবাজারে বিক্রি (ওএমএস)। আর, কৃষিজমি যাতে নষ্ট না হয়, সে জন্য আগামী অর্থবছরে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে।চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ গতকাল রোববার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃষি খাতের জন্য ৫৩ দফা সুপারিশ জমা দেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছর থেকে পরীক্ষামূলকভাবে শস্যবিমা চালু করা হবে। চলতি অর্থবছরে এ ধরনের উদ্যোগ নেওয়ার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি।অর্থমন্ত্রী বলেন, কৃষকদের নগদ সহায়তা দেওয়া হচ্ছে। সব সময়ই প্রকৃত কৃষকেরা এ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ ওঠে। সে কারণে ভর্তুকির টাকা কৃষি উপকরণে দেওয়ার কথা বলা হয়। এটি হলে কৃষকের পরিবর্তে উপকরণ বিক্রির ডিলাররা উপকৃত হবেন।অর্থমন্ত্রী আরও বলেন, কৃষি খাতে যান্ত্রিকতার ব্যবহার বাড়ছে। কৃষি উপকরণ আমদানির ওপর ৩ শতাংশ শুল্ক কর রয়েছে। আগামী অর্থবছরে এর চেয়ে বেশি সুযোগ দেওয়া যাবে কি না ভাবা হবে। অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে চেষ্টা করেও কৃষক পর্যায়ে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়নি। এ জন্য বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে হবে।শাইখ সিরাজ তাঁর সুপারিশে কৃষি খাতের জন্য ১৭ দফা, মৎস্য খাতের জন্য ১১ দফা, পোলট্রি খাতের জন্য ১৪ দফা এবং প্রাণিসম্পদ খাতের জন্য ১১ দফা সুপারিশ করেন।এর মধ্যে রয়েছে তিন ফসলি কৃষিজমিকে অকৃষি খাতের আগ্রাসন থেকে রক্ষা, কৃষক পর্যায়ে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভ বিপণন-ব্যবস্থা চালু, শস্যবিমা ও শস্যগুদাম ঋণ প্রকল্প বাস্তবায়ন, অধিক হিমাগার স্থাপন, ভারত থেকে ডিম ও এক দিনের বাচ্চা আমদানি সম্পূর্ণভাবে বন্ধ এবং দুগ্ধ খামারিদের জন্য বিমা-ব্যবস্থা চালু করা।