কৃষিতথ্যের বিভ্রান্তি কমার আশা
দেশে কৃষি উৎপাদনের পরিসংখ্যান এখন থেকে সমন্বিতভাবে প্রকাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এর ফলে কৃষি উৎপাদনের পরিসংখ্যানগত বিভ্রান্তি থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিসংখ্যানগত এই বিভ্রান্তি দূর করতে ‘হারমোনাইজেশন অ্যান্ড ডেসিমিনেশন অব ইউনিফাইড এগ্রিকালচারাল প্রোডাকশন স্ট্যাটিসটিকস’ শীর্ষক এক প্রকল্প হাতে নিয়েছে বিবিএস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এক কর্মশালার আয়োজন করা হয়। তাতে জানানো হয়, এই প্রকল্পের আওতায় এরই মধ্যে বিবিএসের মাঠপর্যায়ের ৭৫০ জন ও ডিএইর ৭৫০ জন মিলিয়ে মোট এক হাজার ৫০০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আলী নাসিম খলিলুজ্জামান।
বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএইর মহাপরিচালক মুকুল চন্দ্র রায়, প্রকল্প পরিচালক বিধান বড়াল প্রমুখ।