কৃষিতে প্রকৃত বরাদ্দ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৃষি বাংলাদেশের প্রাণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’ বাজেট বক্তৃতায় এ কথা বলেও অর্থমন্ত্রী শেষ পর্যন্ত কৃষি খাতের প্রকৃত বরাদ্দ কমানোর ঘোষণাই দিলেন। আগামী বাজেটে খাতটিতে বরাদ্দ রাখা হয়েছে আট হাজার ৯১১ কোটি টাকা। এর মধ্যে ভর্তুকি ছয় হাজার কোটি টাকা। চলতি ২০১১-১২ অর্থবছরের মূল বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল সাত হাজার ৪০৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে এই বরাদ্দ দাঁড়িয়েছে নয় হাজার ২৬০ কোটি টাকায়। আর আগামী ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিতে অনুন্নয়ন ও উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে আট হাজার ৯১১ কোটি টাকা। ফলে এবারের চেয়ে আগামী অর্থবছরের বাজেটে কৃষি খাতে প্রকৃত বরাদ্দ কমছে।অন্যদিকে চলতি অর্থবছরের কৃষি খাতের মূল বাজেটে ভর্তুকি ছিল চার হাজার ৫০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দুই হাজার কোটি টাকা বাড়িয়ে ছয় হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে। আর আগামী বাজেটে কৃষি মন্ত্রণালয়ের অনুন্নয়ন ব্যয়ে সার ও অন্যান্য কৃষি কার্যক্রম খাতে ভর্তুকি রাখা হচ্ছে ছয় হাজার কোটি টাকা। অর্থাৎ ভর্তুকিও কমছে প্রায় ৫০০ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে প্রায় ১৩ হাজার ৮০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত এপ্রিল পর্যন্ত লক্ষ্যমাত্রা ৭৩ দশমিক ৯ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। আগামী অর্থবছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ১৩০ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, ‘গত বাজেটে শস্যবীমা প্রচলনের লক্ষ্যে পাইলট কর্মসূচি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতিমধ্যে হবিগঞ্জের মাধবপুরে সাধারণ বীমা করপোরেশনের আওতায় পাইলট ভিত্তিতে শস্যবীমা স্কিম চালু করা হয়েছে।’ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘তিন বছর ধরে কৃষি খাতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। প্রতিবছর এ খাতে গড়ে ৪ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। এ ছাড়া কৃষি শস্যের প্রবৃদ্ধি হয়েছে গড়ে ৫ দশমিক ৬ শতাংশ। আমাদের লক্ষ্য ২০১৩ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘চলতি অর্থবছর ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের ভুট্টা আবাদে সহায়তার জন্য পাঁচ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুট্টা চাষের জন্য বর্তমানে চার শতাংশ হারে কৃষিঋণ বিতরণ করা হচ্ছে। আগামী অর্থবছরের বাজেটে এ খাতে প্রণোদনা অব্যাহত রাখা হবে।’ অর্থমন্ত্রী বলেন, ‘কৃষককে আমরা সম্ভাব্য সব রকম উপকরণ সহায়তা দিচ্ছি। সারা দেশে এক কোটি ৪০ লাখ কৃষককে “কৃষি উপকরণ সহায়তা কার্ড” প্রদান করা হয়েছে। ২০১১-১২ অর্থবছরে উফশী ও বোনা আউশ উৎপাদনের জন্য ৫৬ জেলায় তিন লাখ ৬৫ হাজার ২০৬ কৃষক পরিবারকে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়। একই সঙ্গে ৩৫ জেলায় ভর্তুকি মূল্যে পাওয়ারটিলার, ট্রাক্টরসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।’ গত তিন বছরে ইউরিয়া ও নন ইউরিয়া সারের ভর্তুকি বাবদ ১৭ হাজার ৯২ কোটি টাকা প্রদান করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আগামী অর্থবছরে কৃষি খাতে ছয় হাজার কোটি টাকা ভর্তুকি রাখার ঘোষণা দেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, ‘সীমিত ভূখণ্ড ব্যবহার করে বিপুল জনগোষ্ঠীর জন্য খাদ্য উৎপাদন আমাদের বড় চ্যালেঞ্জ। সে কারণে আমরা কৃষি জমির পরিমাণ বৃদ্ধিতে মনোযোগী হয়েছি। জলাবদ্ধতা নিরসন, দক্ষিণাঞ্চলের ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচসুবিধা সম্প্রসারণ ও হাওর এলাকার পানি নিষ্কাশনের মাধ্যমে আমরা ১৫ লাখ ৩৭ হাজার হেক্টর আবাদি জমি সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি।’