কৃষিতে প্রযুক্তিমুখী বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
ভবিষ্যতে বাংলাদেশে আবাদি কৃষিজমির পরিমাণ কমবে, কমবে খামারের গড় আয়তন আর বাড়বে খাদ্য চাহিদা। শুধু চাল-গম নয়, মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে মাছ-মাংস, ডিম-দুধ ও ফলমূলসহ পুষ্টিকর খাবারের চাহিদা।এই চাহিদা পূরণের জন্য লাভজনক প্রযুক্তির উন্মেষ ঘটানো এবং সামগ্রিক কৃষিতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার উদ্বোধনের পর প্রথম আলোচনায় পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল এই পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি ‘বাংলাদেশের কৃষির রূপান্তর: সম্ভাবনার শেষ নেই’ শিরোনামে অধ্যাপক আখলাকুর রহমান স্মারক বক্তৃতায় এসব কথা বলেন। এই পর্বে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।সাত্তার মণ্ডল বলেন, বাংলাদেশের কৃষিতে যে রূপান্তর ঘটছে, তার অন্যতম নিয়ামক শক্তি হলো টেকসই প্রযুক্তির প্রসার। উৎপাদন খরচ কমিয়ে আনার জন্য প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ দরকার। সার ও সেচের ওপর ভর্তুকি দিয়ে এটা সম্ভব নয়, বরং উৎপাদনব্যবস্থায় যান্ত্রিকায়নের যে প্রবণতা তৈরি হয়েছে, তাকে নীতি প্রণোদনা দিয়ে আরও ত্বরান্বিত করা দরকার।সভাপতির ভাষণে আকবর আলি খান বলেন, ‘কৃষির উৎপাদন বাড়লেও অপুষ্টির হার কমানো যায়নি। এদিকে নজর দিতে হবে। সবচেয়ে উদ্বেগজনক হলো পানির অপ্রতুলতা। উজানে পানি প্রত্যাহারের পরিণতি নিয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশের ভূগোল বাঁচাতে হবে।’এরপর অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মারক বক্তৃতা দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এই পর্বে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। ‘শিক্ষা: আর্থসামাজিক উন্নয়নের উৎকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক এই স্মারক বক্তৃতায় মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘টেকসই মানব উন্নয়নে পথ চলায় এখনো অনেক দূর যেতে হবে। স্থানীয় সরকারব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া এটি করা সম্ভব নয়। এ ছাড়া শিক্ষা খাতে প্রসার ও পরিমাণগত সাফল্য সত্ত্বেও গুণগত মানের কারণেও টেকসই মানব উন্নয়ন পিছিয়ে যাচ্ছে।’ একই সঙ্গে টানাটানির বাজেট ও অবকাঠামোর অপ্রতুলতা টেকসই মানব উন্নয়নে বড় বাধা হিসেবে উল্লেখ করেন ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘শিক্ষা খাতে পাঁচ বছরে সরকার জিডিপির শতকরা ৫ ভাগ বরাদ্দ করতে পারে। তা ছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার দিকে জোর দিতে হবে। কারণ, যে দেশে এ ধরনের শিক্ষার হার বেশি থাকে, সেখানে জিডিপি বৃদ্ধির হার তত বেশি হয়।’ সভাপতির বক্তব্যে মির্জ্জা আজিজ বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে নৈতিকতার অভাবে বড় আঘাত এসেছে। এ ক্ষেত্রে দ্রুত উত্তরণ না করতে পারলে দেশ অস্তিত্বের সংকটে পড়তে পারে। সাবেক এই উপদেষ্টা বলেন, মোজাফ্ফর আহমদ সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। তাই দুর্নীতিমুক্ত ও নৈতিকতার ভিত্তিতে দেশ গড়ার লক্ষ্যে কাজ করলেই তাঁকে প্রকৃত সম্মান দেখানো হবে। কর্ম অধিবেশন: সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয়ার্থে একই সঙ্গে দুটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক বিনিয়োগ’ শীর্ষক প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরী। এতে পৃথক ১৪টি প্রবন্ধ পাঠ করা হয়। এই কর্ম অধিবেশনে ‘নিউ সেক্টর নিউ অপরচুনিটি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ফেরদৌস আরা বেগম। তিনি বলেন, তৈরি পোশাক, কৃষি, জাহাজ নির্মাণ, প্লাস্টিক, আসবাব, হোম টেক্সটাইল ও আইসিটি খাতে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে। সরকার থেকে সম্ভাবনাময় এসব খাতের যথাযথ পরিচর্যা ও নীতি-সহায়তা দেওয়া গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি দ্রুততর হবে। অন্যদিকে ‘জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ’ শিরোনামের দ্বিতীয় কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন আবদুল বায়েস। এতে পৃথক সাতটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনের দ্বিতীয় দিন আজ শুক্রবার চারটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে।