কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবি বক্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা কিষি কাজ করি। নিজেদের ফসল নিজেরা বেচুম, বেয়ারিরগোরে (বেপারি) দিউম কিল্লাই (কেনো)? বাজারে যদি হসলের (ফসল) উচিত দাম ন হাই, তইলে হসল হলামু কিল্লাই? সরকার বাজারে আঙোরে (আমাদের) হসল বেচার ব্যবস্তা করি দিলে আঙো হসল আমরা বেইছতাম হারুম (বিক্রি করতে পারব)।’ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বারের কৃষক ছানা উল্লা গতকাল মঙ্গলবার এক প্রাক-বাজেট আলোচনায় এভাবেই আঞ্চলিক ভাষায় কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার দাবি তোলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বিআরডিবি) মিলনায়তনে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক, কর্মজীবী নারী এবং স্থায়িত্বশীল জীবনযাত্রার মানোন্নয়নে প্রচারাভিযান ‘প্রাক-বাজেট ২০১১-২০১২: প্রান্তিক কৃষকের ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংবাদিক রুদ্র মাসুদ। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন কৃষক আবদুর রব, মোহন মিয়া, নোয়াখালী কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা আবুল খায়ের, জেলা বাজার কর্মকর্তা হাবিল উদ্দিন, কৃষিবিদ নাসিমুল হক, উন্নয়ন সংগঠক আলিমুজ্জামান, মনুগুপ্ত, ইউপি সদস্য রৌশন আক্তার লাকী, মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল প্রমুখ।