কৃষিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষুদ্র চাষিদের টিকে থাকা’ এই মূল ভাবনা নিয়ে এশিয়ান সোসাইটি অব এগ্রিকালচারাল ইকোনমিস্টসের (এএসএই) অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। এতে ১৫০টি কৃষিবিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করা হবে। সম্মেলনে বাংলাদেশসহ ২৪টি দেশের ২৫০ জন গবেষক ও শিক্ষক অংশ নেবেন।
১৫ থেকে ১৭ অক্টোবর এ সম্মেলন সাভারের ব্র্যাক সিডিএম–এ অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। উদ্বোধনী দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োকিম ভন ব্রন। সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকছে ব্র্যাক।
রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্র্যাকের উপদেষ্টা ও এএসএইর সভাপতি মাহবুব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রধান অর্থ কর্মকর্তা এস এন কৈরী।
মাহবুব হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের কারণে জিডিপিতে কৃষির অবদান কমছে। উচ্চ মজুরি ও জীবনঘনিষ্ঠ কারণে গ্রামীণ জনগোষ্ঠী শহরে ও বহির্বিশ্বে স্থানান্তরিত হচ্ছে। গ্রামে খামারের সংখ্যা বাড়লেও আকারে ছোট হচ্ছে। এ পরিবর্তনগুলো পৃথিবীর বিভিন্ন দেশেই হয়েছে। কীভাবে এ সমস্যা কাটিয়ে কৃষিকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করতেই এবার বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা www.asaeweb.org এ ওয়েবসাইটের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন।