কৃষিভিত্তিক শিল্প খাতে বিনিয়োগে থাইল্যান্ডের উদ্যোক্তারা আগ্রহী
কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন সফররত থাইল্যান্ডের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। গতকাল সোমবার শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর সঙ্গে আয়োজিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থাই প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় শিল্পনীতি-২০১০-এর প্রশংসা করেন। তাঁরা বলেন, এ নীতিতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। শিল্পকারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় ভূমি ও জ্বালানি নিরাপত্তা দিলে শিগগিরই থাইল্যান্ডের অনেক উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসবেন বলে তাঁরা জানান। বৈঠকে থাই প্রতিনিধিদলের সদস্যরা বিনিয়োগ-নিরাপত্তা, গ্যাস ও বিদ্যুতের সহজ প্রাপ্যতা, ২৪ ঘণ্টা কারখানা পরিচালনাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।