কৃষিভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে কৃষকদের হতাশা দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিভিত্তিক শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলে এবং কৃষিপণ্য দেশে বিপণন ও বিদেশে রপ্তানির ব্যবস্থা করে কৃষকদের হতাশা দূর করতে হবে। যাতে ভবিষ্যতেও কৃষকেরা চাষাবাদে আরও আগ্রহী হয়ে ওঠেন।রাজশাহীতে গতকাল মঙ্গলবার ‘কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প ও এর রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রাজশাহীর আঞ্চলিক কার্যালয় এবং রাজশাহী শিল্প ও বণিক সমিতি এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে বক্তারা বলেন, এবার রাজশাহীতে টমেটো, আলুসহ অন্যান্য শাকসবজির বাম্পার ফলন হয়েছে। তবে এসব কৃষিপণ্য সঠিকভাবে বিপণন ও প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কৃষক তো নায্যমূল্য না পেয়ে জমি থেকেই ফসল তুলছেন না।ইপিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আজিম, রাজশাহী চেম্বারের সভাপতি আবু বক্কার আলী, ইপিবির রাজশাহী দপ্তরের সহকারী পরিচালক বখতিয়ার জালাল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ইপিবির রাজশাহীর উপপরিচালক মোয়াজ্জেম হোসেন। সেমিনারে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাভিত্তিক বাংলাদেশ কোয়ালিটি সাপোর্ট প্রোগ্রামের (বিকিউএসপি) সাবেক পরামর্শক মো. শাহজাহান।সেমিনারে রপ্তানিকারক ও রপ্তানিতে আগ্রহী ব্যবসায়ীরাসহ বিভিন্ন ব্যাংক ও বিমা, এনজিও, কাস্টমস, বিসিক, আমদানি-রপ্তানি দপ্তর, ফল গবেষণা কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিএডিসির প্রতিনিধিরা অংশ নেন। আবু বক্কার আলী তাজা শাকসবজি ও ফলমূল সহজে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো পরিবহন চালুর আহ্বান জানান।আনোয়ারুল আজিম রাজশাহী আঞ্চলের রপ্তানির সম্ভাবনাময় কৃষিপণ্য উত্পাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানির বিষয়ে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের টমেটো, আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, কচুর লতি, পেয়ারা, আম, লিচু প্রভৃতি শাকসবজি ও ফলমূল বিদেশে রপ্তানির প্রচুর সম্ভাবনা রয়েছে।সেমিনারে কৃষিপণ্যের রপ্তানিকারকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।