কৃষিভিত্তিক শিল্পসুবিধা পাচ্ছে না পাট খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় পাট সুতা রপ্তানি বাবদ বাংলাদেশের আয় বেড়েছে, তবে মোট রপ্তানির পরিমাণ কমেছে। ফলে সামগ্রিকভাবে পাট খাতে সুদিন ফিরলেও পাট সুতা উৎপাদনকারী মিলগুলো বিভিন্ন সংকটের মধ্যে আছে। সরকার পাট খাতকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে স্বীকৃতি দিলেও এই খাতে সহজ সুদে ব্যাংকঋণ ও নগদ সহায়তা পাচ্ছে না। পাট সুতা উৎপাদনকারী মিলগুলোর সমিতি বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন মিলমালিকের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়। বিজেএসএ বিদায়ী কমিটির সভাপতি আহমদ হোসেনের সভাপতিত্বে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম জুট অ্যান্ড নিটেক্স লিমিটেডের পরিচালক মোহাম্মদ শামস-উজ-জামান ও ভাইস চেয়ারম্যান হিসেবে উষা জুট স্পিনার্স লিমিটেডের পরিচালক ইকবাল হায়দার দায়িত্ব বুঝে নেন। সভায় আহমদ হোসেন জানান, ২০১০-১১ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ থেকে দুই লাখ ৩৩ হাজার ৩৩৩ মেট্রিক টন পাট সুতা রপ্তানি হয়েছে। এতে আয় হয়েছে এক হাজার ৮৬০ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় পাট সুতা রপ্তানির পরিমাণ ৮ শতাংশ কমেছে, আয় বেড়েছে সাড়ে ৯ শতাংশ।আহমদ হোসেন আরও বলেন, শতভাগ রপ্তানিনির্ভর পাট সুতা মিলগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় সাত লাখ মেট্রিক টন। এতে আড়াই লাখ টন উৎপাদন ক্ষমতা অব্যবহূত থেকে যাচ্ছে। দেশে আরও দুই লাখ টন পাট সুতা উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাট সুতা কল স্থাপিত হতে যাচ্ছে। ফলে পাঁচ লাখ টন উৎপাদন ক্ষমতা অব্যবহূত থেকে যাবে। এতে পাট সুতা রপ্তানি খাতে বিরূপ প্রভাব দেখা দেবে।সভায় জানানো হয়, সরকার ব্যাংকগুলোকে কৃষিভিত্তিক ও শতভাগ রপ্তানিকারক শিল্প হিসেবে পাটশিল্পকে ৭ শতাংশ হারে ঋণ দিতে বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বেশির ভাগ ব্যাংক তা অনুসরণ করছে না। বরং তারা ১২ থেকে ১৩ শতাংশ হারে সুদ নিচ্ছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘পাট খাতের ব্যাপারে পাটমন্ত্রী কথাবার্তায় আন্তরিক। তবে কাজে কতটা আন্তরিক, তা আমি বলতে চাই না।’ দেশের গার্মেন্টস শিল্প যেকোনো সময় অন্য দেশে চলে যেতে পারে, কিন্তু পাটশিল্প বাংলাদেশেই থাকবে মন্তব্য করে তিনি বলেন, তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।