কৃষিভিত্তিক শিল্পের সুবিধা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটকে ঘিরে প্রত্যাশা এবং চলতি বাজেট সম্পর্কে প্রথম আলোর কাছে মূল্যায়ন করেছেন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন।মো. জসিম উদ্দিন বলেন, আগামী বাজেটে আলু সংরক্ষণে নিয়োজিত হিমাগারগুলোর আয়কে করমুক্ত কিংবা ন্যূনতম হারে কর দেওয়ার সুযোগ রাখা প্রয়োজন। গত বছর হিমাগারগুলো বিপুল লোকসান দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হলে এই শিল্পের রুগ্ণতা কিছুটা কমবে।জসিম উদ্দিন বলেন, হিমাগার খাতে কৃষিভিত্তিক অন্যান্য শিল্পের মতো ব্যাংকঋণের সুদের হার সর্বোচ্চ ৫ শতাংশ করা প্রয়োজন। পাশাপাশি বিদ্যুৎ বিলের ২০ শতাংশ রেয়াত এবং বিদ্যুৎ বিলের ওপর থেকে ৫ শতাংশ মূসক প্রত্যাহার করার দাবি জানান তিনি। বর্তমানে বিদেশে আলু ও প্রক্রিয়াজাত আলুপণ্য রপ্তানিতে ২০ শতাংশ সহায়তা পাচ্ছেন রপ্তানিকারকেরা। চলতি বাজেটেও এই সহায়তা অব্যাহত রাখার প্রস্তাব করেন জসিম উদ্দিন। তিনি আরও বলেন, ‘দেশে পর্যাপ্ত কৃষিভিত্তিক হিমাগার থাকায় নতুন করে এই খাতে বিনিয়োগ না করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া প্রয়োজন।’ এ বিষয়ে একটি নীতিমালা তৈরির দাবি জানান তিনি।জসিম উদ্দিন বলেন, চলতি অর্থবছরের সবচেয়ে নেতিবাচক দিক ছিল দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি। এ কারণে বর্তমানে ৮০ শতাংশ হিমাগার এখন ঋণখেলাপি হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে হিমাগারশিল্প আরও রুগ্ণ হয়ে যাবে।জসিম উদ্দিন বলেন, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, আবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে সংরক্ষিক আলুও বিক্রি হচ্ছে না—সব মিলিয়ে হিমাগারের মালিকেরা দিশেহারা। এ অবস্থায় আগামী বাজেটে হিমাগার খাতকে কৃষিভিত্তিক শিল্পের সব সুবিধা প্রদান এবং ভিজিডি ও ভিজিএফ কার্ডের মাধ্যমে আলু বিতরণে বাজেটে বরাদ্দ রাখার দাবি জানান তিনি।