আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে প্রত্যাশা এবং চলতি বাজেট সম্পর্কে প্রথম আলোর কাছে তাঁদের মূল্যায়ন তুলে ধরেছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।সাইদুর রহমান বলেন, ‘পোলট্রিশিল্প কৃষিভিত্তিক শিল্প হওয়ায় আগামী বাজেটে কৃষিভিত্তিক শিল্পে সব সুবিধা আমরা চাই। বিশেষ করে আমাদের যদি আট থেকে নয় শতাংশ হারে ব্যাংকঋণ দেওয়া হয়, তাহলেও আমরা খুশি।’ তিনি বলেন, পোলট্রি খাতের ওপর কর রেয়াত-সুবিধা ২০১৩ থেকে বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো প্রয়োজন। তাহলে এই সময় পর্যন্ত খামারিদের কর দিতে হবে না। ফলে খামারিরা আরও বেশি বিনিয়োগ করতে পারবেন।সাইদুর রহমান বলেন, মুরগির খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের ওপর দশমিক পাঁচ শতাংশ হারে কর ধরা হয়েছে। এই কর তুলে নেওয়া উচিত। তা ছাড়া দেশের পোলট্রি খাতের জন্য কোনো বিমা-ব্যবস্থা নেই। বিমা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে পোলট্রি খাতের জন্য বিমা চালু করা প্রয়োজন। সরকার পোলট্রি খাতের বিদ্যুৎ সরবরাহের ওপর ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে ভবিষ্যতে এই সহায়তা বহাল রাখার দাবি জানান তিনি।সাইদুর রহমান বলেন, পোলট্রি খাতের জন্য চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটের নেতিবাচক দিকটি হচ্ছে মুরগির খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের ওপর দশমিক পাঁচ শতাংশ হারে কর ধার্য করা। এটা খাদ্যের দাম বাড়ার বড় কারণ। আগামী বাজেটে এটা তুলে নেওয়া উচিত। সাইদুর রহমান আরও বলেন, বর্তমান বাজেট পোলট্রি খাতের জন্য খুব বেশি একটা নেতিবাচক না। কিছু সুবিধা খামারিরা পাচ্ছেন। তবে বাজেটের বড় সমস্যা হলো কৃষিভিত্তিক শিল্প হওয়ার পরও পোলট্রি খাত এর কোনো সুফল পাচ্ছে না। সরকারকে কৃষিভিত্তিক শিল্পের সব সুযোগ-সুবিধা দিতে হবে।