কৃষির উন্নতি হলেই কৃষক ও দেশ বাঁচবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষিতে উন্নতি ঘটলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক একদিকে যেমন খাদ্যশস্য উৎপাদন করছেন, তেমনি অন্যদিকে আমদানিনির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রার একটি বিপুল অংশ সাশ্রয় করছেন।’গতকাল বুধবার লৌহজং উপজেলা পরিষদের মাঠে কৃষি ব্যাংক আয়োজিত প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, সোনালী ব্যাংকের পরিচালক সুভাষ সিংহ রায়, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিজুল আলম, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আবদুল হামিদ, সাধারণ সম্পাদক সেলিম আহাম্মেদ প্রমুখ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেন।অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক ৪৪৯ জন কৃষকের মধ্যে দুই কোটি ৪৮ লাখ টাকা ঋণ বিতরণ করবে। এর মধ্যে ২৯ জনকে আমদানি-বিকল্প শস্য খাতে এবং ৩১৯ জনকে আলু চাষের জন্য বিতরণ করা হবে এবং বাকি কৃষকদের মধ্যে মৎস্য, পোল্ট্রি ইত্যাদি খাতে ঋণ বিতরণ করা হয়। অতিথিরা পরে লৌহজংয়ের শামুরবাড়ি এবং টঙ্গীবাড়ি উপজেলা মিলনায়নে শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করেন। এ ছাড়া টঙ্গীবাড়িতে কৃষিঋণ বিতরণ করা হয়।