
পাওনা রাজস্ব পরিশোধ না করায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রাতুল টেলিকম ও কে কমিউনিকেশনস নামের দুটি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের লাইসেন্স বাতিল করেছে। বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের আগে এক বছরের বেশি সময় এ দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত ছিল। লাইসেন্স বাতিল হওয়া এ দুই অপারেটর ও কার্যক্রম স্থগিত থাকা আরও চারটি আইজিডব্লিউ অপারেটরের কাছে সরকারের রাজস্ব বাবদ পাওনা দাঁড়িয়েছে ৫২৩ কোটি টাকা।
বিদেশ থেকে বাংলাদেশে ইনকামিং ও আউটগোয়িং কল আনার মাধ্যম হিসেবে কাজ করে আইজিডব্লিউ অপারেটররা। এ জন্য সরকারকে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ রাজস্ব হিসেবে দিতে হয়। বর্তমানে দেশে আইজিডব্লিউ অপারেটরের সংখ্যা ২৯, যার মধ্যে ২৩টি কার্যক্রম পরিচালনা করছে। পাওনা আদায়ে বারবার তাগাদা দেওয়ার পরও সাড়া না মেলায় শেষ পর্যন্ত লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।
বিটিআরসি থেকে প্রাপ্ত হিসাব অনুযায়ী, রাতুল টেলিকমের কাছে সরকারের পাওনা ৮৯ কোটি ২৯ লাখ টাকা ও কে টেলিকমিউনিকেশনের কাছে পাওনা ৭৮ কোটি ২৭ লাখ টাকা। আর কার্যক্রম স্থগিত থাকা চার অপারেটর ভিশন টেলের কাছে ১৩৮ কোটি ৭৬ লাখ টাকা, বেস্ট টেক টেলিকমের কাছে ১১৫ কোটি ৩৯ লাখ টাকা, টেলেক্সের কাছে ৭২ কোটি ৭৩ লাখ ও এসএম কমিউনিকেশনের কাছে ২৯ কোটি ১৮ লাখ টাকা পাওনা আছে। সব মিলিয়ে বকেয়ার পরিমাণ ৫২৩ কোটি ৬২ লাখ টাকা। এর সঙ্গে রাতুল টেলিকমের দুই বছর ও কে-এর এক বছরের লাইসেন্স ফিও বকেয়া আছে।
রাতুল টেলিকমের ৭০ শতাংশ শেয়ারের মালিক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের কন্যা সৈয়দা আমরিন আঁখি ও স্ত্রী সৈয়দা আরজুমান্দ বানু।
কে টেলিকমিউনিকেশনের মালিকানার বড় অংশ আওয়ামী লীগদলীয় সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও পুত্র ইমতিনান ওসমানের নামে। তবে গত বছর কার্যক্রম স্থগিত হওয়ার পর মো. সাখাওয়াত হোসেন, দেবব্রত চৌধুরী ও মো. রকিবুল ইসলাম নামের তিন ব্যক্তির নামে মালিকানা পরিবর্তন করা হয়। এ তিন ব্যক্তির কোনো খোঁজ বিটিআরসি পায়নি।
পাওনা রাজস্ব আদায় ও লাইসেন্স শর্ত ভাঙার অভিযোগে বিটিআরসি প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দুটি পৃথক মামলাও করেছে। এ প্রসঙ্গে বিটিআরসির সচিব ও মুখপাত্র মো. সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘নিয়ম ভঙ্গ করায় বিটিআরসি রাতুল টেলিকম ও কে টেলিকমিউনিকেশনসের লাইসেন্স বাতিল করেছে। বকেয়া পরিশোধ না করায় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এমন কঠিন সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
টেলিযোগাযোগভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাঈদ খান প্রথম আলোকে বলেন, ‘আইজিডব্লিউ অপারেটরদের বকেয়া টাকা আদায় না হওয়ার মূল কারণ এ ক্ষেত্রে সরকারের দ্বিধা ও অনীহা। সদিচ্ছা থাকলে ব্যাংক গ্যারান্টি হিসেবে আইজিডব্লিউ অপারেটরগুলোর জমা নেওয়া টাকা থেকেই খুব সহজেই বকেয়ার টাকা আদায় করা যেত। সেটা না করে এদের টাকা মেরে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।’
এসব বিষয়ে কথা বলার জন্য জাহাঙ্গীর কবির নানক ও শামীম ওসমানের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ফোন ধরেননি।
মোবাইল অপারেটরের বকেয়া: রাতুল টেলিকম ও কে কমিউনিকেশনসহ কার্যক্রম স্থগিত থাকা ছয় আইজিডব্লিউ অপারেটরের কাছে মোবাইল অপারেটরদের মোট বকেয়ার পরিমাণ ১৪০ কোটি টাকা। এর মধ্যে গ্রামীণফোনের একার পাওনা ৭৭ কোটি টাকা। পাওনা আদায়ে রাতুল ও কে টেলিকমসহ ছয় আইজিডব্লিউ অপারেটরের বিরুদ্ধে মামলাও করেছে গ্রামীণফোন। আলাদাভাবে রাতুল টেলিকমের কাছে ১২ কোটি ৩৯ লাখ টাকা ও কে টেলিকমের কাছে ১৫ কোটি ৪৭ লাখ টাকা অপারেটরটির পাওনা আছে।