কেইপিজেড পুরোদমে চালুর জন্য চারটি বাধা দূর করতে হবে
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (কেইপিজেড) দ্রুততম সময়ের মধ্যে পুরোদমে চালুর পথে প্রধান চারটি বাধা দূর করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে কেইপিজেড কর্তৃপক্ষ।রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিহাক সাং এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান। দক্ষিণ কোরিয়াভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানটির প্রধান জানান, প্রকল্পের জমি পুরোপুরি হস্তান্তর ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে বিশেষায়িত শিল্প এলাকায় আরও বিনিয়োগ করা হবে।কিহাক সাং বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে কেইপিজেডের সমস্যাগুলো দূর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং-ওয়ান।গত মাসে থাইল্যান্ডের চিয়াংমাইতে দ্বিতীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় পানি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে দুই নেতা বৈঠক করেন।দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়াংওয়ান করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কেইপিজেড ১৯৯৬ সালে নিবন্ধিত হয়। তিন বছর পর অর্থাৎ ১৯৯৯ সালে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডের জমি বরাদ্দ করা হয়। কেইপিজেডে জুতা, ব্যাগ, জ্যাকেটসহ চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, খেলার সামগ্রী, বাইসাইকেল, খেলনা, বৈদ্যুতিক সামগ্রী, তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট পণ্য, কৃষিজাত পণ্য উৎপাদনের কারখানা স্থাপনে আগ্রহী ইয়াংওয়ান। সংবাদ সম্মেলনে কিহাক সাং বলেন, ‘এই প্রথমবারের মতো বেসরকারি ইপিজেডের বোর্ড অব গভর্নরসের বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেইপিজেডের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নিতে যেসব জটিলতা রয়েছে, তা তুলে ধরতে পারব।’ ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেসরকারি ইপিজেডের ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হবে।কিহাক সাং জানান, সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকলেও কিছু কিছু বিষয়ে এখনো প্রতিবন্ধকতা রয়ে গেছে। দীর্ঘদিনেও কেইপিজেডের সম্পূর্ণ জমি হস্তান্তর হয়নি। আছে সব ধরনের শিল্প কারখানা স্থাপনের সুযোগের অভাব। বিনিয়োগকারীদেরওয়ান স্টপ সার্ভিস বা একীভূত সেবা সুবিধা দিতে বাংলাদেশ প্রাইভেট ইপিজেড অ্যাক্ট ১৯৯৬-এর ১৪(২) ধারা অনুযায়ী কেইপিজেড কর্তৃপক্ষকে শিল্প কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়নি। নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পরও পুনঃসংযোগ দেওয়া হয়নি। এ ক্ষেত্রে আদালতের নির্দেশও মানা হয়নি। এতে কেইপিজেডে নিরবচ্ছিন্ন শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।ঢাকার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) ও চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ১৭ কারখানায় প্রায় ৫০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে ইয়াংওয়ান। বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি কিহাক সাং বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এ পর্যন্ত কেইপিজেডে চার ইউনিটের একটি জুতার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। এ কারখানায় উৎপাদিত জুতা ইতিমধ্যে রপ্তানি হচ্ছে। এ ধরনের মোট ১০টি ইউনিট নির্মিত হয়েছে। আর ২০১৪ সালের মার্চে এ ধরনের আরও আটটি কারখানা তৈরির কাজ শেষ হবে। সব কারখানায় উৎপাদন শুরু হলে তা প্রায় ৪০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে।প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতার কারণে তিনি বাংলাদেশ ছেড়ে যেতে চান কি না জানতে চাইলে কিহাক সাং বলেন, ‘আমি চিরতরে বাংলাদেশ ছেড়ে যেতে চাই না। ব্যবসার জন্য বাংলাদেশ আমার প্রথম ভুবন। এর পরের অবস্থান দুটি চীন ও ভিয়েতনামের জন্য। এ দেশের মানুষ আমাকে এখানে এবং বাংলাদেশের বাইরে যেভাবে আপন করে নিয়েছে, তাতে এখান থেকে সরে যাওয়ার ইচ্ছা আমার নেই।’