কেইপিজেডে দেশীয় কোম্পানির ৪৯ লাখ ডলার বিনিয়োগ
বাংলাদেশি কোম্পানি মেসার্স জেনটেক্স অ্যাপারেলস লিমিটেড কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় গার্মেন্টস এক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করবে।সম্পূর্ণ দেশীয় এই কোম্পানি ৪৮ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে গার্মেন্টস পণ্য উত্পাদন ও রপ্তানি করবে। জেনটেক্স অ্যাপারেলসে এক হাজার ৫৪৭ নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও জেনটেক্স অ্যাপারেলস কোম্পানির মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়াজ্জদ্দীন আহমেদ এবং জেনটেক্স অ্যাপারেলসের চেয়ারম্যান মো. নুরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) এ জেড এম আজিজুর রহমান এবং জেনটেক্স অ্যাপারেলস কোম্পানির কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।