কেইপিজেডে ৪০ হাজার শ্রমিক নিয়োগ-প্রক্রিয়া শুরু
চট্টগ্রামের আনোয়ারার কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) চালু হওয়া কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কেএসআইএল) ১০টি ইউনিটে প্রায় ৪০ হাজার শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্প্রতি বিদ্যুৎ-সংযোগ পাওয়ায় কোম্পানিটি এ প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। ২০১২ সালে কেএসআইএলের ১০টি ইউনিট নির্মিত হলেও বিদ্যুৎ-সংযোগের অভাবে এত দিন উৎপাদনে যেতে পারেনি প্রতিষ্ঠানটি।
বিদ্যুৎ-সংযোগের অভাবে প্রায় এক বছর বন্ধ থাকে ইউনিটগুলোর উৎপাদন কার্যক্রম। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কেইপিজেডে ১৮ সেপ্টেম্বর থেকে পুনরায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ায় কেএসআইএলে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
কেইপিজেডের মহাব্যবস্থাপক আফতাব উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিদ্যুৎ-সংযোগ পাওয়ায় জুতা কারখানার জন্য শ্রমিক নিয়োগসহ অন্যান্য প্রক্রিয়া শুরু করেছি। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে এবার দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।’
কেইপিজেড সূত্রে জানা যায়, কেএসআইএলে চার ধাপে সর্বমোট ১৬টি ইউনিটে শ্রমিক নিয়োগ দেওয়া হবে। প্রথম ধাপে চারটি ইউনিটে শ্রমিক নিয়োগ সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ধাপে বাকি ইউনিটগুলোতে শ্রমিক নিয়োগ করা হবে। ২০১৪ সালের মার্চের মধ্যে শ্রমিক নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
বর্তমানে কেএসআইএলে প্রায় পাঁচ হাজার শ্রমিক-কর্মচারী রয়েছেন। নতুন নিয়োগ-প্রক্রিয়া শেষ হলে প্রতিষ্ঠানটিতে জনবলের সংখ্যা হবে ৩৫ থেকে ৪০ হাজার।