কেইপিজেডের অব্যবহৃত জমি পাবে চীন, জাপান ও ভারত

কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) জন্য দেওয়া জমি থেকেই চীন, জাপান ও ভারতকে জমি দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল রোববার সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
এডিবির নির্বাহী পরিচালক মালিয়ামি বিন হামাদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এ দলটি গত শনিবার ঢাকায় আসে এবং আগামী বুধবার পর্যন্ত থাকবে।
অর্থমন্ত্রী বলেন, ‘কোরীয় ইপিজেড থেকে জমি বের করে নিয়ে চীন, জাপান ও ভারতকে দেওয়া হবে। ১৯৯৬ সালে তাদের দুই হাজার ৫০০ একর জমি দেওয়া হয়। কিন্তু তারা ৫০০ একর জমিও ব্যবহার করতে পারেনি।’
কোরীয়দের সঙ্গে আলোচনা করে তাদের একটা সময়সীমা দেওয়ার কথাও জানান মুহিত। তিনি বলেন, ‘তাদের বলা হবে, তোমরা এগুলোর ব্যবহার করো অথবা ছেড়ে দাও। বাংলাদেশের এত জমি ফেলে রাখা যাবে না।’
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) আওতায় দেশে বর্তমানে আটটি ইপিজেড রয়েছে। এর মধ্যে ৪০টি দেশের ৪২৮টি কারখানা চালু রয়েছে। বেপজা সূত্রে জানা যায়, ২০১৪ সালের জুন পর্যন্ত একক দেশ হিসেবে কোরিয়ার বিনিয়োগ সবচেয়ে বেশি। চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডের অবস্থান।
সূত্র জানায়, কোরিয়ার ৭৬টি কারখানা রয়েছে। এর মধ্যে চালু কারখানা ৭১টি। এগুলোতে বিনিয়োগের পরিমাণ ৬২ কোটি মার্কিন ডলার এবং ৯৩ হাজার বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে কারখানাগুলোতে।
চলতি বছরের জুন পর্যন্ত ২০১৩-১৪ অর্থবছরে ইপিজেডের মোট রপ্তানি ৫৫২ কোটি ৫৩ লাখ ডলার। এর ২৫ শতাংশই কোরীয় কারখানাগুলোর।
অন্য দেশগুলোকে জায়গা দিতে চাইলে এত গ্যাস-বিদ্যুৎ দেওয়া যাবে কি না জানতে চাইলে মুহিত বলেন, ‘গ্যাসটা বড় বিষয় না, বিষয় হলো বিদ্যুৎ। এই সমস্যা মিটে যাবে।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের বর্তমান নীতি, ভবিষ্যৎ নীতি ও ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি খাতে আমরা এত গুরুত্ব দিলেও বিনিয়োগ বাড়ছে না কেন—জানতে চেয়েছে এডিবির দল। তারা আরও বলেছে, মধ্য আয়ের দেশে পরিণত হতে চাইলে শুধু মাথাপিছু আয় বাড়লেই হবে না, অন্য সূচকগুলোরও উন্নয়ন ঘটাতে হবে।’
এ বিষয়ে এডিবিকে অর্থমন্ত্রী কী জবাব দিয়েছেন, তা আর সাংবাদিকদের জানাননি তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সম্প্রসারিত ঋণসুবিধা বা ইসিএফের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ এই প্রকল্পটি বাড়াতে চায়। আমি তাদের বলেছি, এটা আমরা আর বাড়াব না। এতে মূল্য সংযোজন কর (মূসক) আইনবিষয়ক কোনো কথা ছিল না। কিন্তু তারা এখন অনেক কথা বলছে।’
চীনের প্রস্তাবিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সদস্য হতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এডিবির দলকে আমরা এ কথা জানিয়েছি। অবকাঠামো খাতে সাধারণত আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোই অর্থায়ন করে। তাদের বলেছি, আমাদের অবকাঠামো খাতের উন্নয়নের স্বার্থেই এআইআইবির সঙ্গে সম্পৃক্ত হওয়া দরকার। আমরা আপনাদের সঙ্গে আছি, তাদের সঙ্গেও থাকব।’
রাজনৈতিক সংঘাত নিয়ে কোনো কথা হয়েছে কি—জানতে চাইলে মুহিত বলেন, ‘আমাদের বক্তব্য একটাই, সরকার পাঁচ বছরের জন্য। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ শতাংশের কিছুটা ওপরে আছি। এই জায়গাটায় আটকে রয়েছি। এখান থেকে বেরোব এবং উন্নয়নে মনোযোগী হব। তখন আর কারও সংঘাত করার মন থাকবে না।’