কেউ কিনতে চায়নি হল-মার্কের সম্পত্তি
শিল্প স্থাপনের জন্য ঢাকার আশপাশে জায়গা খুঁজে পাচ্ছেন না উদ্যোক্তারা। তার পরও বিতর্কিত ব্যবসায়িক গোষ্ঠী হল-মার্কের জমি কেনার ব্যাপারে আগ্রহী নন কেউ।
সাভারের তেঁতুলঝোড়া নামক অঞ্চলে হল-মার্কের এক হাজার ৫৭৩ শতাংশ জমিসহ ১৫টি শিল্পপ্রতিষ্ঠানের স্থাপনা রয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গত ২০ ফেব্রুয়ারি ১৮ দিনের সময়সীমা দিয়ে এগুলোই নিলামে তুলেছিল পাওনাদার সোনালী ব্যাংক। নির্দিষ্ট দিনে সোনালী ব্যাংক নিলামের বাক্স খুলে দেখে যে এতে একটিও আবেদন পড়েনি।
অবশ্য হল-মার্কের একটি প্রতিষ্ঠানের পক্ষে নিলামের বিরোধিতা করে আদালতের একটি স্থগিতাদেশ আসে ব্যাংকে। তাও শেষ দিনে। অর্থাৎ ব্যাপারটি এমন নয় যে স্থগিতাদেশের তথ্য জানার কারণেই হল-মার্কের জমি কেনায় আগ্রহ দেখাননি কোনো আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত গত সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন মামলার পথে যাব। মামলা করতে গেলে নিয়মানুযায়ী নিলাম ডাকতে হয়। এই নিলামটিও তাই।’
হল-মার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে তুলে নিয়েছিল দুই হাজার ৬৮৬ কোটি টাকা। এর মধ্যে এক হাজার ৭০৫ কোটি টাকা ফান্ডেড দায়। বাকি টাকা নন-ফান্ডেড দায়। সোনালী ব্যাংক এযাবৎ হল-মার্কের কাছ থেকে ৪১০ কোটি টাকা আদায় করেছে বলে জানিয়েছে। যদিও এই আদায়ের একাংশ প্রকৃত আদায় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
হল-মার্ক গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে তোলা হয়েছিল। এর মাধ্যমে ৭১০ কোটি টাকা আদায় করা সোনালী ব্যাংকের লক্ষ্য। প্রতিষ্ঠানগুলো হলো: হল-মার্ক ফ্যাশন, ওয়ালমার্ট ফ্যাশন, হল-মার্ক স্টাইল, হল-মার্ক প্যাকেজিং এবং হল-মার্ক এক্সেসরিজ। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এক হাজার ২৫৮ শতাংশ জমি তোলা হয়েছিল হল-মার্ক ফ্যাশনের কাছ থেকে ৪৫২ কোটি ৩৩ লাখ টাকা আদায়ের জন্য। ওয়ালমার্ট ফ্যাশনের কাছ থেকে ২২৬ কোটি টাকা আদায়ে নিলামে তোলা হয়েছিল ২১ দশমিক ২৫ শতাংশ জমি।
একইভাবে হল-মার্ক এক্সেসরিজের কাছ থেকে ১১ কোটি টাকা আদায়ে ১৬৫ শতাংশ, ববি ডেনিম কম্পোজিটের কাছ থেকে ১০ কোটি টাকা আদায়ে ২৪ দশমিক ৭৫ শতাংশ, হল-মার্ক স্টাইলের কাছ থেকে নয় কোটি টাকা আদায়ে ৩৪ দশমিক ৩৭ শতাংশ এবং হল-মার্ক প্যাকেজিংয়ের কাছ থেকে এক কোটি ৬১ লাখ টাকা আদায়ে ৭০ শতাংশ জমি নিলামে তোলা হয়েছে। জমির পাশাপাশি নিলামে তোলা হয় এদের স্থাবর ও অস্থাবর সম্পত্তিও।
নিলাম ডাকার আগে অর্থ উদ্ধারে হল-মার্কের বিরুদ্ধে মামলা করার বিষয়ে সোনালী ব্যাংকের পর্ষদেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে গত সোমবার প্রথম আলোকে জানান প্রদীপ কুমার দত্ত।
অর্থঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী মামলা করার আগে ঋণের বিপরীতে থাকা বন্ধকি সম্পত্তি নিলামে তুলতে হয়। আইনের ১২(৩) ধারা মোতাবেকই ডাকা হয় ওই নিলাম।
সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হল-মার্ক গ্রুপের নামে থাকা বন্ধকি সম্পত্তিই নিলামে তোলা হয়। এ সম্পত্তি বিক্রি হলেও পুরো অর্থ আদায় হয় না।
এদিকে নিলামের স্থগিতাদেশ চেয়ে ওয়ালমার্ট ফ্যাশনের পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করলে গত রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ নিলামের ওপর স্থগিতাদেশ দেন। স্থগিতাদেশের বিষয়ে প্রত্যয়নপত্র সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখায় পৌঁছে নিলাম জমা দেওয়ার শেষ দিন সোমবার।
অর্থ আত্মসাতের ঘটনায় ২০১২ সালের অক্টোবরে ২৭ জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক বছর তদন্ত শেষে গত সেপ্টেম্বরে শেষ পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয় ২৫ জনের বিরুদ্ধে।
সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, আদালতের স্থগিতাদেশ থাকা অবস্থায় সোনালী ব্যাংকের পক্ষ থেকে এখন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তাই হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আগে আপিল করতে হবে। আর আপিল বিভাগে ওই স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত হলেই হল-মার্কের বিরুদ্ধে মামলার পথে যেতে পারবে সোনালী ব্যাংক। অর্থঋণ আদালতে হল-মার্কের কর্ণধারদের বিরুদ্ধে তিন থেকে পাঁচটি মামলা হতে পারে।
উল্লেখ্য, সোনালী ব্যাংক যখন আত্মসাৎ করা অর্থ আদায়ের উপায় খুঁজছে, তখন আরও অর্থ চেয়ে অর্থমন্ত্রণালয়ে একের পর এক আবেদন করে যাচ্ছে বহুল আলোচিত এই হল-মার্ক গ্রুপ।