কেজিতে ১১ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে খাওয়ার লবণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেজিতে ১১ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে খাওয়ার লবণ। এ হিসাব বাণিজ্য মন্ত্রণালয়েরই। মন্ত্রণালয় বিশ্লেষণ করে দেখেছে, খুচরা বাজারে লবণের দাম হওয়া উচিত ১৮ থেকে ২২ টাকা কেজি। অথচ মান ও প্রকারভেদে তা বিক্রি হচ্ছে ১৮ থেকে ৩৩ টাকা কেজি দরে। লবণের দাম প্রত্যাশিত মাত্রায় নামিয়ে আনতে না পারার ব্যর্থতা স্বীকার করে গতকাল সোমবার বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন নিজেই এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে দুই অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মূর্তজা রেজা চৌধুরী ও রুহুল আমিন সরকার এবং যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছী উপস্থিত ছিলেন।বাণিজ্যসচিব বলেন, ‘গত ৫ জুন লবণ আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তার পরও লবণের দাম কমেনি এবং এই পণ্য নিয়ে আমরা খুবই উৎকণ্ঠিত।’ সচিব জানান, শিল্প মন্ত্রণালয় বলেছিল, দুই লাখ টন লবণের ঘাটতি রয়েছে। আবার লবণ উৎপাদক সমিতির দাবি ছিল, ঘাটতির পরিমাণ চার লাখ টন। এই অবস্থায় আমদানি উন্মুক্ত করে দেওয়ার পর দুই লাখ ৮১ হাজার টন লবণের জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। এর মধ্যে গত মাসেই এক লাখ ২১ হাজার টন দেশে এসে পৌঁছেছে। আর বাজারে এসেছে ৫০ হাজার টন, যা প্রয়োজনের তুলনায় বেশিই।তার পরও দাম কেন কমল না—এ প্রশ্ন বাণিজ্যসচিবেরই। তিনি বলেন, অনেকে তিন টাকার লবণ ৮ থেকে ১০ টাকায় বিক্রি করেছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। অর্থাৎ অল্প দিনে কেউ কেউ বেশি পয়সা কামিয়ে নিয়ে গেছেন।তবে গোলাম হোসেন এ-ও বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব কে এম আবদুল ওয়াদুদকে প্রধান করে গঠিত এ কমিটিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। লবণের দাম না কমার পেছনে যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন সচিব।সচিব বলেন, ‘আমি মাঝে মাঝে গ্রামে যাই। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা বুঝেছি, লবণের দাম কোনো ক্রমেই ২০ টাকার বেশি হওয়াটা যৌক্তিক নয়।’বাজারে এখন ভ্যাকুয়াম ইভাকুরেশন, মেকানিক্যাল ও সনাতন পদ্ধতিতে পরিশোধিত—এই তিন ধরনের লবণ বিক্রি হচ্ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত এক মাসে লবণের দাম কমেছে ৩ শতাংশ, তবে এক বছরে বেড়েছে ৬০ শতাংশ।উল্লেখ্য, চলতি মৌসুমে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা (বিসিক) ১৪ লাখ ৩৭ হাজার টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে। তবে উৎপাদিত হয় প্রায় ১২ লাখ টন। গত ১৫ মে লবণের মৌসুম শেষ হয়েছে। নতুন মৌসুম শুরু হবে আগামী ডিসেম্বর থেকে।