সিটি করপোরেশনের নির্ধারিত দামের বাধা উঠে যাওয়ার পর গরুর মাংসের দর কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা বাড়িয়েছেন মাংস ব্যবসায়ীরা। রাজধানীর বাজারে গতকাল সোমবার প্রতি কেজি গরুর মাংসের দাম উঠেছে ৪৫০ থেকে ৪৬০ টাকায়, যা গত শনিবার পর্যন্ত ৪২০ টাকা ছিল।
ঈদ উপলক্ষে নগরবাসী এখন বেশি পরিমাণে মাংস কিনছেন। অভিজাত বাজারের মাংসের দোকানে পাঁচ কেজির নিচের ক্রেতাদের এখন কদরই নেই। কোনো কোনো দোকানে দিনে চার-পাঁচটি গরু জবাই করা হচ্ছে। চাহিদা বেড়েছে খাসি, ছাগল ও মুরগির মাংসের।
রাজধানীর হাতিরপুল, মিরপুর ১ নম্বর সেকশনের সিটি করপোরেশন বাজার ও পলাশী এলাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস সর্বোচ্চ ৪৬০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা।
এর মধ্যে হাতিরপুল ও বুয়েট কাঁচাবাজারে ৪৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে মিরপুর ১ নম্বর সেকশনের দু-একটি দোকানে ৪৬০ টাকা দর চেয়েছেন বিক্রেতারা। অন্যান্য দোকানে ৪৫০ টাকাই চাওয়া হয়েছে।
হাতিরপুল বাজারের ১১৮ নম্বর দোকানের মাংস বিক্রেতা মো. বশির প্রথম আলোকে বলেন, প্রতিবছর ২৬ রমজান পর্যন্ত সিটি করপোরেশন নির্ধারিত মাংসের দাম কার্যকর থাকে। গত শনিবার পর্যন্ত তাঁরা ৪২০ টাকা দরে মাংস বিক্রি করেছেন। এরপর কেজিতে ৩০ টাকা বাড়িয়েছেন।
মাংস বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে ওই বিক্রেতা বলেন, ‘বেচাকেনা ভালোই হচ্ছে। তবে আরও বেশি হতো, যদি ঈদের ছুটি কম হতো।’ ঈদের ছুটি বেশি হওয়ায় মানুষজন গ্রামে অথবা ঈদ করতে অন্য জায়গায় চলে গেছেন বলে মনে করেন তিনি।
এবার পবিত্র রমজান উপলক্ষে সিটি করপোরেশন খাসির মাংসের দাম কেজিপ্রতি ৫৭০ টাকা ও ছাগলের মাংসের দাম ৪৭০ টাকা নির্ধারণ করে দিয়েছিল। গতকাল হাতিরপুল বাজারে খাসির মাংস ৭০০ টাকা চেয়েছেন বিক্রেতারা।
ব্রয়লার মুরগি বুয়েট কাঁচাবাজার ও মিরপুর ১ নম্বর সেকশনের বাজারে ১৮০ টাকা এবং হাতিরপুল বাজারে ১৮৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে, যা সপ্তাহ খানেক আগে কেজিপ্রতি ১৬০-১৬৫ টাকা ছিল। অন্যদিকে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা কেজি দরে।
বিক্রেতারা জানিয়েছেন, দেশি মুরগি ও পাকিস্তানি বলে পরিচিত ফার্মের মুরগির দাম ক্রেতাভেদে ভিন্ন। বিক্রেতারা যার কাছ থেকে যা আদায় করতে পারেন, তা-ই আদায় করছেন। তবে আড়তে পাকিস্তানি ও দেশি মুরগির দাম ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে।
হাতিরপুল বাজারে ঘুরে ঘুরে মুরগি বিক্রি করেন আবদুস সালাম। তিনি বলেন, আগে যে মুরগি হালিপ্রতি ৮০০ থেকে ৮২০ টাকায় কেনা যেত, তা এখন কমপক্ষে ১২০ টাকা বেশি দিতে হচ্ছে।
ঈদের আগে টমেটোর দাম বড় ধরনের লাফ দিয়েছে। পোলাও অথবা বিরিয়ানির সঙ্গে যাঁরা টমেটোর সালাদ রাখতে চান, তাঁদের কেজিপ্রতি বাড়তি দাম দিতে হবে ৪০ থেকে ৬০ টাকা। হাতিরপুল বাজার থেকে ক্রেতারা ১৬০ টাকা কেজি দরে টমেটো কিনতে পারবেন। অন্যদিকে বুয়েট কাঁচাবাজারে তা বিক্রেতারা ২০০ টাকা কেজি চাইছেন।
বিক্রেতারা জানান, এখন টমেটো আসছে ভারত থেকে। ঈদ উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়া ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
শসা ও লেবুর দাম তেমন বাড়েনি। প্রতি কেজি দেশি শসা ৪০-৫০ টাকা, হাইব্রিড শসা ৩৫-৪০ টাকা এবং লেবু জাত ও আকারভেদে ১৫ থেকে ৩০ টাকা হালি দরে পাওয়া যাচ্ছে।