কেডিএস অ্যাকসেসরিজের আইপিওর ড্র
শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা চট্টগ্রামভিত্তিক কোম্পানি কেডিএস অ্যাকসেসরিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির আইপিওর ১ কোটি ২০ লাখ শেয়ারের বিপরীতে প্রায় সাড়ে ৩৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে। এ কারণে আবেদনকারীদের মধ্যে শেয়ার বণ্টনের জন্য লটারির ব্যবস্থা করা হয়। চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত লটারির ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত মে মাসে কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে ২৪ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়। ১০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) সঙ্গে ১০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ছিল ২০ টাকা। শেয়ারের প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ২৫০ শেয়ার।
নিয়ম অনুযায়ী, কোম্পানিটির আইপিওর ১ কোটি ২০ লাখ শেয়ারের মধ্যে ৬০ শতাংশ সাধারণ বিনিয়োগকারী, ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী, ১০ শতাংশ মিউচুয়াল ফান্ড এবং ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশিদের জন্য বরাদ্দ ছিল।