কেন? কেন? কেন? কেন? কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনাম কি ভুল মনে হচ্ছে? শিরোনামে এতগুলো কেন দেখলে তা মনে হওয়া অস্বাভাবিক নয়। তবে পাঠক, আপনাদের নিশ্চিত করছি, শিরোনাম ভুল হয়নি। কয়টা কেন দেওয়া হয়েছে, তা একটু গুনে নিন। হ্যাঁ, আমাদের লেখা এই পাঁচটি কেন নিয়েই। সমস্যা সমাধানের এক বিশেষ পদ্ধতি এটি।

ইংরেজিতে এই বিশেষ পদ্ধতিকে বলে ‘ফাইভ হোয়াইস টেকনিক’। জাপানে এই পদ্ধতির জন্ম। টয়োটা কোম্পানির নাম কে না শুনেছে! এ দেশে এই কোম্পানি মূলত পরিচিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে। এই টয়োটা ইন্ডাস্ট্রিজ করপোরেশনের প্রতিষ্ঠাতা ছিলেন সাকিচি তোয়োদা। ফাইভ হোয়াইস টেকনিকের প্রবক্তা সাকিচি। ১৯৩০-এর দশকে এ পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। টয়োটা ইন্ডাস্ট্রির উৎপাদনব্যবস্থার অনেক সমস্যা সমাধানে পদ্ধতিটি ব্যবহার করা হয়েছিল। ১৯৭০-এর দশকে ফাইভ হোয়াইস টেকনিক অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এখনো এই পদ্ধতি টয়োটা কোম্পানি ব্যবহার করে থাকে।

টয়োটার প্রথম করোলা সিরিজের গাড়ি
ছবি: রয়টার্স

১৯৫০-এর দশকে টয়োটা কোম্পানির উৎপাদনব্যবস্থা নিখুঁতভাবে গড়ে তোলার কারিগর ছিলেন তাইচি এইচিনো। এ নিয়ে টয়োটা প্রোডাকশন সিস্টেম: বিয়ন্ড লার্জ–স্কেল প্রোডাকশন নামে একটি বইও লিখেছিলেন তাইচি। বইটিতে ফাইভ হোয়াইস টেকনিক নিয়ে বিস্তারিত লেখা হয়েছে। তাইচি বলেছেন, টয়োটার উৎপাদনব্যবস্থায় কোনো সমস্যা দেখা দিলে তার মূল কারণ বের করে আনতে ব্যবহার করা হয় এই পদ্ধতি। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি এবং এর মাধ্যমে যেকোনো সমস্যার মূল চিহ্নিত করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি সমস্যার কিছু উপসর্গ আছে। সমস্যার মূল কারণ খুঁজে বের করার পথে এগুলো বাধা হয়ে দাঁড়ায়। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো পাঁচটি প্রশ্ন করে এসব উপসর্গগুলোকে আলাদা করা সম্ভব। পাঁচবার কেন প্রশ্ন করে যেমন মূল সমস্যা পাওয়া যায়, তেমনি মেলে সত্যিকারের সমাধান।

ফাইভ হোয়াইস টেকনিক ব্যবহার করার জন্য প্রথমে পুরো কর্মী দল নিয়ে আলোচনায় বসে দলনেতা নির্বাচন করে নিতে হবে। এরপর বর্তমানে যে সমস্যাটি চোখের সামনে দেখা যাচ্ছে, সেটি কেন হচ্ছে সেই প্রশ্ন তুলতে হবে। যে উত্তরটি পাওয়া যাবে, তার বিপরীতে আবার জিজ্ঞেস করতে হবে—কেন? এভাবে মোট পাঁচবার কেন প্রশ্নটি উঠবে। সবশেষে পাওয়া যাবে সমস্যার প্রধান কারণটি। তখন সমাধান নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে।

উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরা যাক, আপনার একটি ছাপাখানা আছে। সেখান থেকে সরবরাহ করা ছাপা হওয়া পণ্যের দাম দিতে ক্রেতারা অস্বীকৃতি জানিয়েছে। অর্থাৎ এটি প্রাথমিক সমস্যা।

ফাইভ হোয়াইস টেকনিকে এবার প্রশ্ন করা হবে—কেন অস্বীকৃতি জানিয়েছে ক্রেতারা?

উত্তর এল—নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা হয়নি।

পণ্য সরবরাহে দেরি হচ্ছে কেন?

উত্তর এল, ছাপা হতে দেরি হয়েছে।

আবার প্রশ্ন, ছাপা হতে দেরি কেন?

কারণ, ছাপানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ কালির অভাব ছিল।

কালির অভাব হলো কেন?

কারণ, শেষ মুহূর্তে আরও কার্যাদেশ আসায়, ছাপতে হয়েছে বেশি এবং কালিতে টান পড়েছিল।

আবার প্রশ্ন করতে হবে, কেন কালিতে টান পড়ল?

উত্তর, ছাপাখানায় পর্যাপ্ত কালির মজুত ছিল না। সুতরাং মূল সমস্যা হলো, পর্যাপ্ত কালির অভাব। যদি কালির মজুত পর্যাপ্ত থাকত, তবে আর পণ্য সরবরাহে দেরি হতো না। কারণ, কালির অভাবে ছাপা বন্ধ রাখতে হতো না।

অবশ্য দ্বিতীয় বা তৃতীয় কেন-এর একাধিক উত্তরও পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে ওই শাখাতেও আলাদাভাবে ফাইভ হোয়াইস টেকনিক ব্যবহার করতে হবে। এভাবে সমস্যার একটি মূল কারণ চিহ্নিত হবে। এরপর তার সমাধান করলে স্বয়ংক্রিয়ভাবে বাকি সমস্যাগুলোও মিটে যাবে।

ফাইভ হোয়াইস টেকনিকের কিছু সীমাবদ্ধতাও আছে। কোনো কোনো বিশ্লেষকেরা বলেন, এই পদ্ধতিতে নিম্ন পর্যায়ের অনেক সমস্যা চোখের আড়ালে থেকে যেতে পারে। আর এই পদ্ধতি ব্যবহার করা হয় হাতের কাছে থাকা বর্তমান তথ্য-উপাত্তের ভিত্তিতে। ফলে আগের প্রয়োজনীয় তথ্য কাজে লাগানো কঠিন হয়। আর যদি সঠিক প্রশ্ন নির্বাচনে ভুল হয়, তবে তা অনুসন্ধানকারীদের বিপদেও ফেলতে পারে।

তবে এরপরও বিশ্বব্যাপী ফাইভ হোয়াইস টেকনিকের গ্রহণযোগ্যতা কমে যায়নি। সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি একটি স্বীকৃত পদ্ধতি। টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানই এই পদ্ধতিতে উঠেছে সাফল্যের শীর্ষে।

তথ্যসূত্র: এডিবি ডট অরগ, রিলায়েবল প্ল্যান্ট, মাইন্ডটুলস ও বাফার ডট কম