কেনাকাটার পাশাপাশি বিনোদনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ্তাহিক ছুটির দিনে গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে পছন্দের পণ্য নিয়ে ফেরার পথে ক্রেতারা l প্রথম আলো
সাপ্তাহিক ছুটির দিনে গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে পছন্দের পণ্য নিয়ে ফেরার পথে ক্রেতারা l প্রথম আলো

ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানো, বিনোদন আর কেনাকাটার একটি আকর্ষণীয় জায়গায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)।
ঢাকার শেরেবাংলা নগরে চলমান এই মেলা গতকাল শনিবার জনস্রোতে যেন উপচে পড়ছিল। মেলা থেকে যাঁরাই ফিরছিলেন, তাঁদের প্রায় সবার হাতেই কোনো না কোনো পণ্যের প্যাকেট দেখা গেছে। আর ভেতরে থাকার সময়ে কেনাকাটার পাশাপাশি ঘোরাঘুরি ও বিনোদনের মধ্যেই ছিলেন তাঁদের অনেকে।
মেলার প্রধান ফটক দিয়ে ঢুকতেই ডান দিকে রয়েছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামের একটি নান্দনিক প্যাভিলিয়ন। এর ভেতরে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের ইতিহাস তুলে ধরা হয়েছে ১৬৫টি ছবির মাধ্যমে। এ ছাড়া প্যাভিলিয়নের ভেতরে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে। মেলায় আসা ক্রেতা-দর্শকদের অনেকেই বেশ আগ্রহ নিয়ে প্যাভিলিয়নটি ঘুরে দেখছেন, ছবি তুলছেন। শনির আখড়া থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আসা শফিকুল ইসলাম বললেন, ‘অনেক অদেখা ছবি দেখলাম, বঙ্গবন্ধুকে জানলাম। ছেলেমেয়েরাও ইতিহাসের কিছু বিষয় জানল।’
মেলা মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে বিনোদন কেন্দ্র সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ডের সামনে গিয়ে দেখা গেল প্রচণ্ড ভিড়। এর কারণ, শিশুদের জন্য সেখানে রয়েছে ট্রেন যাত্রা, টু-ইস্ট, নাগরদোলা, হেলিকপ্টার, প্রাইভেট কার, ঘূর্ণি, ডরিমন, মেরিগো নামের বিনোদনমূলক ব্যবস্থা। ২৫টি রাইডের প্রতিটি ব্যবহারে ৩০ টাকা করে লাগে। তবে প্রতিবন্ধীরা সম্পূর্ণ বিনা মূল্যে এসব বিনোদনে অংশ নিতে পারেন। এ ছাড়া সব বয়সী দর্শনার্থীদের জন্য রয়েছে থ্রিডি বা ত্রিমাত্রিক সিনেমা।
মেলার মাঠের ভিআইপি গেটসংলগ্ন এলাকায় তৈরি করা ‘সুন্দরবনের’ সামনেও ভিড় ছিল অনেক। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আসা নাহিদ পারভীন বললেন, ‘মেলা ঘুরে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছি। এখানে ইকোপার্কের মনোরম পরিবেশে মন সজীব হয়ে উঠেছে।’ পুরোপুরি সুন্দরবনের আদলে তৈরি করা ইকোপার্কটিতে রয়েছে বাঘ, হরিণ, কুমির, সিংহ, সাপ, অ্যানাকোন্ডাসহ নানা ধরনের প্রাণীর প্রতীকী উপস্থিতি। আবার এর ভেতরের লেকে রয়েছে জীবন্ত বুনো হাঁস। আছে শ্বাস মূলসহ সুন্দরী, গোলপাতা ও নানা ধরনের গাছ। প্রতীকী সুন্দরবনের মাধ্যমে সুন্দরবন সম্পর্কে জানার সুযোগ হারাতে চাননি অনেকেই।
২৩তম দিনে বাণিজ্য মেলায় আসা বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন স্থাপনার পাশে দাঁড়িয়ে ছবি-সেলফি তুলছেন। ঘুরে ঘুরে দেখেছেন, কেনাকাটা করেছেন। শিশুরাও তাদের জন্য নির্ধারিত পার্কে বিভিন্ন রাইডে উঠে আনন্দ করেছে। আবার দল বেঁধে মেলায় আসা সবাই মিলে কোথাও বসে পড়েছেন, খাওয়াদাওয়া সেরেছেন।
অন্যদিকে মেলা শেষ দিকে চলে আসায় বেচাকেনাও ছিল বেশ ভালো। স্টলগুলো ঘুরে দেখা গেছে, বিক্রয়কর্মীদের দম ফেলার সময় নেই। বিশেষ করে গৃহস্থালি পণ্যের দোকানগুলোতে প্রচুর ভিড়। প্রতিটি স্টলে ছিল নানা ধরনের অফার ও ছাড়। তাই ক্রেতারাও কিনে নিচ্ছেন পছন্দের জিনিস। সিরামিকের তৈজস, অ্যালুমিনিয়ামের তৈরি দেশি-বিদেশি রান্নার পাত্রসহ গৃহস্থালির কাজে ব্যবহর্য নানা সামগ্রী কিনতেই বেশি আগ্রহী ছিলেন ক্রেতারা। দিল্লি অ্যালুমিনিয়ামের প্যাভিলিয়নের সামনে মোহাম্মদপুর থেকে আসা গৃহিণী উম্মে হাবিবা বলেন, ‘এ নিয়ে পঞ্চম দিনের মতো মেলায় এলাম। আগে কিছু জিনিস পছন্দ করে গিয়েছিলাম। আজ কিনে নিলাম।’
গুলশান থেকে আসা ব্যাংকার সাজিয়া ইসলাম বলেন, ‘মেলা থেকে বাছাই করে জিনিস কিনতে পারলে ঠকতে হয় না। অনেক পণ্য আছে, যা বাজারে ঠিকমতো পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। তাই ইরানি কিছু মসলা আর কিছু রান্নার সামগ্রী কিনলাম।’ এই ব্যাংকারের মতো মেলা-ফেরত অনেক মানুষজনের হাতে শোভা পাচ্ছিল প্রেশার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ফ্রাই প্যান, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, চুলা, ফ্যানসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ও ইলেকট্রিক পণ্য। এ ছাড়া পোশাক, বিস্কুট ও নুডলস এবং ইমিটেশন জুয়েলারিসহ নানা ধরনের পণ্য নিয়ে ফিরেছেন অনেকে।