কেনিয়ায় ইস্পাত কারখানা খুলছে বিএসআরএম স্টিল

আফ্রিকার দেশ কেনিয়ায় ইস্পাত (স্টিল) কারখানা খুলতে যাচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল। কেনিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ কারখানা খুলবে বিএসআরএম। এরই মধ্যে বিএসআরএম স্টিলকে কেনিয়ায় বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদেশে মূলধন স্থানান্তরের সুযোগ নেই।
সম্প্রতি বিএসআরএম স্টিলের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে শর্ত সাপেক্ষে রপ্তানি প্রত্যাবাসন কোটা (ইআরকিউ) থেকে ৪৬ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ৩৭ কোটি টাকা) কেনিয়ায় বিনিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিয়োগের টাকায় যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত কেনিয়া ইস্ট আফ্রিকা স্টিল লিমিটেড নামের কোম্পানির ২০ শতাংশ শেয়ার কিনে ব্যবসা শুরু করবে বিএসআরএম। তবে বিনিয়োগের জন্য প্রতি দফাতে বাংলাদেশ ব্যাংকের আলাদা আলাদা অনুমোদন নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট চিঠির মাধ্যমে বিদেশে বিনিয়োগের অনুমোদনের বিষয়টি বিএসআরএম কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। বিএসআরএমের ইআরকিউ হিসাব পরিচালিত হয় এনসিসি ব্যাংকের মাধ্যমে। তাই এনসিসি ব্যাংকের আগ্রাবাদ শাখাকেও অনুমোদন-সংক্রান্ত চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহুসাইন প্রথম আলোকে বলেন, ‘কেনিয়ার ওই গ্রুপ থেকে আমাদের কাছে বিনিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছিল। তারা মূলত আমাদের থেকে অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা নিতে চায়। আমরা মাত্রই অনুমোদন পেয়েছি। বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। সম্ভাব্যতা যাচাই করা হবে, বাজার দেখা হবে এরপরই বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত।’
এদিকে, বিএসআরএম স্টিলের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে যে আবেদন করা হয়েছে, তাতেও কেনিয়ার ইস্ট আফ্রিকা লিমিটেডের কাছ থেকে বিনিয়োগ প্রস্তাবের বিষয়টি তুলে ধরা হয়।
বিদেশে বাংলাদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, ‘যত দূর জানি বিএসআরএম গ্রুপের ব্যবসা আগে কেনিয়াতেই ছিল। এ জন্য তারা সেখানে বিনিয়োগে যেতে চায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকও ছোট আকারে এ অনুমোদন দিচ্ছে। তবে প্রতিবছর মুনাফা আনছে কি না, বিনিয়োগের হিসাব দিচ্ছে কি না, এসব তদারকির মধ্যে আনতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিনিয়োগের উদ্দেশ্যে বিদেশে অর্থ নেওয়ার সুযোগ নেই। অবশ্য একজন রপ্তানিকারক ব্যবসা বাড়াতে অন্য দেশে লিয়াজোঁ বা সহযোগী অফিস খোলা ও ব্যয় নির্বাহের জন্য বছরে ৩০ হাজার ডলার পর্যন্ত নিতে পারেন। এ ছাড়া ভ্রমণ কোটায় বছরে সার্কভুক্ত ও সার্কভুক্ত দেশের বাইরে সর্বোচ্চ ১২ হাজার ডলার নেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে শিক্ষা, চিকিৎসাসহ সুনির্দিষ্ট কয়েকটি খাতে বৈধ উপায়ে নির্দিষ্ট পরিমাণে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে।
তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে কয়েকটি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০১৩ সালে মবিল যমুনাকে মিয়ানমারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। মিয়ানমারে একটি প্রতিষ্ঠানে ৫ লাখ ১০ হাজার ডলারের সমপরিমাণ বা প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকার যৌথ মূলধনি বিনিয়োগের অনুমতি পায় এ কোম্পানি। সেখানে এমজেএল অ্যান্ড এ কে টি পেট্রোলিয়াম নামে একটি কোম্পানি গঠন করা হয়।
এখন পর্যন্ত দেশের বাইরে সবচেয়ে বড় বিনিয়োগের অনুমতি পেয়েছে তৈরি পোশাক খাতের দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) গ্রুপ। ২০১৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ইথিওপিয়ায় ৩০ লাখ ডলার বিনিয়োগের অনুমতি দেওয়া হয়। এ গ্রুপ পর্যায়ক্রমে সেখানে ৩ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করতে পারবে। এর মধ্যে ১ কোটি ডলার বা ৭৮ কোটি টাকা নেওয়া হবে বাংলাদেশ থেকে। বাকি অর্থ ইথিওপিয়ার বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেবে কোম্পানিটি।
এর বাইরে এসিআই হেলথ কেয়ারকে ইআরকিউ হিসাব থেকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ৪ লাখ ৪৭ হাজার ডলার ওই দেশের ক্যাটালেন্ট ফার্মা সলিউশন, মেডকোর ফার্মা ও সারভেন্স ইনসে বিনিয়োগ করেছে। জেনেরিক ওরাল সলিড ডোস উৎপাদন ও যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য এ তিন প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন নিতে এ বিনিয়োগের অনুমতি পেয়েছে এসিআই হেলথ কেয়ার।
ব্যবসা সম্প্রসারণের জন্য স্কয়ার ফার্মাকেও যুক্তরাষ্ট্রে ৫০ লাখ ডলার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ২০১৪ সালে দেশের বাইরে বিনিয়োগের অনুমতি পায় ওষুধ খাতের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে আড়াই হাজার ইউরো নিয়ে এস্টোনিয়াতে একটি যৌথ বিনিয়োগকারী কোম্পানি গঠন করেছে। এ ছাড়া যুক্তরাজ্যে ১০ হাজার ব্রিটিশ পাউন্ড বিনিয়োগে একটি নিজস্ব সাবসিডিয়ারি খুলেছে কোম্পানিটি। ফলে বিএসআরএমসহ এ নিয়ে বিদেশে বিনিয়োগের অনুমতি পেল ছয়টি প্রতিষ্ঠান।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিনিয়োগের আবেদন করলেও তা নাকচ করে বাংলাদেশ ব্যাংক। একটি সময় নিটল নিলয় গ্রুপ আফ্রিকার উগান্ডায় কৃষি জমি কেনার জন্য সরকারের কাছে আবেদন করলে এ নিয়ে একটি কমিটি গঠন করা হয়। শেষ পর্যন্ত নিটল নিলয় বিনিয়োগের অনুমতি পায়নি। এ ছাড়া সিঙ্গাপুরে শিপইয়ার্ড কারখানা স্থাপনের অনুমোদন চেয়ে আবেদন করেছিল সামিট গ্রুপ। বিদেশে আখনির্ভর চিনিকল স্থাপনের জন্য দেশবন্ধু গ্রুপ অর্থ নেওয়ার অনুমতি চেয়েছিল। কম্বোডিয়ায় জমি কিনে শিল্প স্থাপনের অনুমোদন চেয়েছিল মেঘনা গ্রুপ। এ ছাড়া ভারতে কোম্পানি খোলার জন্য প্রাণ গ্রুপ কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল। তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান হা-মীম গ্রুপও বিদেশে বিনিয়োগের জন্য অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে। তবে পরে আর যোগাযোগ করেনি প্রতিষ্ঠানটি।