কেন্দুয়ায় এবার পাটের চাষাবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে
চলতি মৌসুমে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে চাষাবাদ হওয়ায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকেরা এই আশাবাদ ব্যক্ত করেছেন।উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি বছর উপজেলার ১৩টি ইউনিয়নে মোট এক হাজার ১৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়। কিন্তু বাজারে পাটের দাম বেশি থাকায় কৃষকেরা এক হাজার ২৭৫ হেক্টর জমিতে পাট আবাদ করেন। অর্থাৎ এবার ১২৫ হেক্টর বেশি জমিতে পাট চাষাবাদ হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত পাট উৎপাদিত হবে বলে স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকেরা আশা করছেন।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদ নূর আকবর প্রথম আলোকে বলেন, আবহাওয়া ভালো থাকলে এবার কেন্দুয়ায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ধানের চেয়ে পাটের উৎপাদন খরচ কম হওয়ায় এবং বাজারে দামও বেশি থাকায় কৃষকেরা পাট চাষে আগ্রহী হয়ে উঠেছেন।এ ছাড়া বাংলাদেশে পাটের জন্মরহস্য আবিষ্কার হওয়ায় ভবিষ্যতে পাট চাষের আরও উন্নতি হবে এবং সেই সুবাদে একসময়ে সোনালি আঁশখ্যাত পাটও সুদিন ফিরে পাবে বলে শহীদ নূর আকবর উল্লেখ করেন।