কেন্দুয়ায় প্রথম তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সম্প্রতি ‘মাস্কা সোয়েটার ফ্যাক্টরি লিমিটেড’ নামে একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার যাত্রা শুরু হয়েছে। উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এলাকার দুই শতাধিক শ্রমিক-কর্মী নিয়ে এই কারখানার উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে পুরোপুরি উৎপাদন শুরু হবে আসন্ন কোরবানির ঈদের পর। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি বসানোর কাজ ও নিয়োগ প্রক্রিয়া চলছে। এটি শেষ হলে কারখানাটিতে আরও সহস্রাধিক শ্রমিকের কর্মসংস্থান হবে।কারখানাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইফতিখার উদ্দিন তালুকদার প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপজেলার মাস্কা ইউনিয়নের মাস্কা এলাকায় কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের পাশে কারখানাটি গড়ে তোলা হয়।এটি হচ্ছে কেন্দুয়া উপজেলায় প্রথম রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। মো. মোস্তাক আহমেদ জানান, ‘এই তৈরি পোশাক কারখানায় উৎপাদিত সোয়েটার বিদেশে রপ্তানি করা হবে। এটি এলাকার বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই ভূমিকা রাখবে।’