কেন্দ্রীভূত ঋণঝুঁকিতে পড়েছে ব্যাংক খাত
কিছু ব্যক্তি ও এলাকায় ঋণ কেন্দ্রীভূত হওয়ায় ব্যাংক খাত কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে। দুর্বল শাসনব্যবস্থা, প্রয়োজনীয় ঝুঁকি ব্যবস্থাপনার অভাব ও অদক্ষতায় উচ্চ সুদহার এবং খেলাপি সৃষ্টি হয়েছে ব্যাংকগুলোতে। ঝুঁকি এড়াতে তাই নতুন উদ্যোক্তা সৃষ্টি ও নতুন নতুন ব্যাংকিং উপাদান তৈরি করতে হবে।
একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যাংকিংব্যবস্থা গড়ে তোলার পরামর্শ এসেছে এক সেমিনারে।
ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ‘ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক জাতীয় সেমিনারে গতকাল শনিবার এসব আলোচনা হয়েছে। ঢাকার র্যা ডিসন হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়।
মোট তিনটি পর্বের এ সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
গভর্নর বলেন, ব্যাংকের উদ্যোক্তারা স্বল্প মেয়াদের বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করতে চান। এ ধরনের প্রবণতা ব্যাংক খাতে অস্থিরতা তৈরি করছে। এ প্রবণতা থেকে তাঁদের বের হয়ে আসতে পরামর্শ দেন গভর্নর।
প্রধান নির্বাহীদের উদ্দেশে গভর্নর বলেন, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব তাঁদের। এটি সঠিকভাবে পালনে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, স্থিতিশীল আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। এ ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগকে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ব্যাংক খাতে প্রযুক্তির পাশাপাশি নৈতিকতাসম্পন্ন মানবসম্পদের প্রয়োজন আছে। তিনি বলেন, বেসিক ব্যাংকে প্রযুক্তিগত উন্নতি হয়েছে, কিন্তু নৈতিকতার অভাবে ঋণ কেলেঙ্কারি হয়েছে। ঋণ কেন্দ্রীভূত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেখা গেছে, প্রথমে একটি ব্যাংক কাউকে ঋণ দেওয়ার পর অন্য ব্যাংকগুলোও তাকে ঋণ দিতে বেছে নিয়েছে। এ পরিস্থিতির উন্নয়ন দরকার।
পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলঙ্কায় সুদহার ১০ শতাংশের কম উল্লেখ করে ইব্রাহিম খালেদ বলেন, এখানকার উদ্যোক্তাদের এখনো ১৪ থেকে ১৬ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। ব্যাংক খাতে প্রচুর অলস অর্থ থাকার পরও ব্যাংকের মালিকদের কারণে সুদহার কমছে না। বেশি মুনাফার লোভে তাঁরা ঋণ ও আমানতের মধ্যকার সুদহারের ব্যবধান ৫ শতাংশে নামাতে পারেননি। এ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকও ব্যর্থ হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুরভিত্তিক রিসক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও জেপি মরগানের এশীয় অঞ্চলের সাবেক এমডি ইয়ান ভাসকো। সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার।
ইয়ান ভাসকো তাঁর প্রবন্ধে ব্যাংক খাতের ঝুঁকি কমাতে একই খাতে যেন ঋণ কেন্দ্রীভূত না হয়, সেদিকে নজর দিতে পরামর্শ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম বলেন, ‘ব্যাংক খাতে এখনো অদক্ষতা ও অযোগ্যতা রয়েছে। সুশাসনে অভাবে এ খাতে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি ঘটছে। আর্থিক কেলেঙ্কারির পর এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় এ অবস্থার উন্নতি হচ্ছে না।’ সুশাসন নিশ্চিত করতে তিনি কেন্দ্রীয় ব্যাংকের তদারকি-নজরদারি ও দক্ষতা আরও বাড়াতে পরামর্শ দেন।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ব্যাংক খাতের স্বচ্ছতার অভাব দেখা দিলে গ্রাহকদের আস্থাহীনতা তৈরি হয়। ব্যাংক ব্যবসা বলতে আমানত নিয়ে কিছু ব্যক্তির কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়াকে মনে করা হচ্ছে, এ পরিস্থিতির উন্নয়ন দরকার। তিনি বলেন, কিছু ব্যক্তি, এলাকা ও খাতে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়ায় ব্যাংক খাত ঝুঁকিতে পড়েছে।
সেমিনারে বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ. (রুমী) আলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী জিম ম্যাকক্যাবে, বিআইবিএমের পরিচালক এস এম আহসান হাবিব, দি সিটি ব্যাংকের সাবেক এমডি মাহমুদ সাত্তার প্রমুখ বক্তব্য দেন।