কেন্দ্রীয় ব্যাংকে জিএম পদে চুক্তিভিত্তিক নিয়োগ!
বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বা বিএফআইইউর মহাব্যবস্থাপক (জিএম) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গতকাল রোববার এ প্রস্তাব অনুমোদন করে। বিএফআইইউ কেন্দ্রীয় ব্যাংকেরই নিয়ন্ত্রণাধীন একটি ইউনিট।
জিএম পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে গতকাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এর আগে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল গর্ভনরের কাছে স্মারকলিপিও দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে উন্মুক্ত পদ্ধতিতে বিএফআইইউতে একজন মহাব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত ও বাইরে থেকে যোগ্য যে কেউ প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুস্তাফা কে মুজেরি প্রথম আলোকে বলেন, বিএফআইইউ একটি কারিগরি বিভাগ। উন্মুক্ত পদ্ধতিতে ওই পদে একজন মহাব্যবস্থাপক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
গতকাল দুপুরে পর্ষদ সভার আগে কেন্দ্রীয় ব্যাংকের শতাধিক কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের প্রবেশপথে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বেলা পৌনে একটা থেকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের দাবি, বিএফআইইউর অবসরপ্রাপ্ত সাবেক এক জিএমকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিতেই বাংলাদেশ ব্যাংকের এই আয়োজন।
যদিও মুস্তাফা কে মুজেরি জানান, সুনির্দিষ্টভাবে কাউকে নিয়োগের কথা তিনি জানেন না। এ ধরনের কোনো বিষয় পর্ষদ সভায় উত্থাপনও করা হয়নি।