কেন্দ্রীয় ব্যাংকের কাছে আগের চেয়ে বেশি অর্থ রাখতে হবে
কেন্দ্রীয় ব্যাংকের কাছে দেশের ব্যাংকগুলোর নগদ অর্থ জমা রাখার হার (সিআরআর) বাড়ানো হয়েছে। ব্যাংকগুলো বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা রাখে, এখন তা আরও বেশি হারে রাখতে হবে।
এত দিন ব্যাংকগুলো ৬ শতাংশ হারে কেন্দ্রীয় সিআরআর রেখে এলেও গতকাল মঙ্গলবার থেকে রাখতে হচ্ছে ৬ দশমিক ৫ শতাংশ হারে। এতে ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকে অতিরিক্ত তিন হাজার ২০০ কোটি টাকা জমা হবে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করে, এভাবে আগের চেয়ে বেশি অর্থ জমা রাখলে একদিকে মুদ্রাবাজারে বাড়িত অর্থ কমে আসবে, অন্যদিকে মূল্যস্ফীতিও কিছুটা প্রশমিত হবে৷ সাধারণত মুদ্রা সরবরাহ কমিয়ে আনা হলে মূল্যস্ফীতির হারও নিম্নমুখী হয় বলে ধরে নেওয়া হয়৷
বাংলাদেশ ব্যাংক গত সোমবার সিআরআর বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে। একটিতে কোন আইনি ক্ষমতার বলে এই হার বাড়ানো হয়, তার ব্যাখ্যা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
অন্যটিতে দৈনিক ও দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে কী পরিমাণ টাকা রাখতে হবে, তা উল্লেখ করা হয়। সোমবারই সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে প্রজ্ঞাপন দুটি পাঠিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশে অনুমতিপ্রাপ্ত সব তফসিলি ব্যাংক (শরিয়াহভিত্তিক ব্যাংকসহ) কর্তৃক বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখার যে বিধান রয়েছে, তার পরিমাণ ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলো।’
নতুন হার অনুযায়ী এখন প্রতিটি ব্যাংককে তার মোট তলবি ও মেয়াদি দায়ের ৬ দশমিক ৫ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে সিআরআর হিসেবে৷ তবে দৈনিক ভিত্তিতে এই হার হবে ৬ শতাংশ।
২০১০ সালের ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত সিআরআর ছিল দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে ৬ এবং দৈনিক ভিত্তিতে ৫ দশমিক ৫ শতাংশ।
সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংককে জরিমানা করা হয়।
এই সময়ে সিআরআর বাড়ানোর যুক্তি কী—জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাজারে এখন টাকার সরবরাহ বেশি। ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কাও বেশি। সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথাই বিবেচনা করা হয়েছে।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী এ বছর এপ্রিল মাসে গড় মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৪৭ শতাংশ। মে মাসের উপাত্ত এখনো প্রকাশ করা হয়নি৷
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ছয় লাখ কোটি টাকার বেশি আমানত হিসেবে জমা রয়েছে ব্যাংকগুলোতে। যার মধ্যে (গত মার্চ পর্যন্ত) বাড়তি নগদ অর্থ রয়েছে এক লাখ ৩৮ হাজার কোটি টাকা।
আবার ব্যাংকব্যবস্থা থেকে চলতি অর্থবছরে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা। পরে সংশোধন করে তা ২৯ হাজার ৯৮২ কোটি টাকা করা হয়।
কিন্তু, গত বছরের ১ জুলাই থেকে এ বছরের ৯ জুন পর্যন্ত সরকার ব্যাংক খাত থেকে ২১ হাজার ২০১ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৮৪১ কোটি টাকাই পরিশোধ করা হয়েছে ঋণ পরিশোধে। সে হিসেবে ব্যাংক খাত থেকে সরকারের প্রকৃত ঋণের পরিমাণ ছয় হাজার ৩৮৯ কোটি টাকা।
সিআরআর বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘এই সিদ্ধান্ত ব্যাংকের ওপর চাপ বাড়াবে৷ ব্যাংকগুলো যে অতিরিক্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে রাখবে, তা থেকে বাড়তি কোনো আয় আসবে না৷ অথচ আমানতকারীদের জমা রাখার অর্থের ঠিকই সুদ পরিশোধ করতে হবে৷’
কেন্দ্রীয় ব্যাংক যে বলছে, বাজারে অতিরিক্ত নগদ অর্থ রয়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এটি করা হয়েছে—এমন প্রশ্ন করা হলে আহসান মনসুর বলেন, সেটা ঠিক আছে৷ বাড়িত তারল্যের কারণে মূল্যস্ফীতিও বাড়ে৷ কিন্তু বাংলাদেশ ব্যাংক এ অর্থ ট্রেজারি বিল বা বাংলাদেশ ব্যাংক বিল ছেড়েও তুলে নিতে পারত৷ কিন্তু তারা সেটা এড়িয়ে গেল৷
সিআরআর বৃদ্ধির প্রভাব সাধারণ আমানতকারীদের ওপর পড়ার আশঙ্কাও করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক৷ তিনি বলেন, ব্যাংকগুলো এখন অামানতের সুদ কিছুটা কমাতে পারে৷ উল্টো দিকে ঋণের সুদও বাড়িয়ে দিতে পারে৷