কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অর্থায়নের প্রভাব বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের ৯০০ কোটি টাকা পুনঃ অর্থায়নের ঘোষণা বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বাজার—সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, আজ ও গতকালের বাজার দেখে এ বিষয়টি পরিলক্ষিত হচ্ছে।
গতকালের মতো আজ বৃহস্পতিবারও সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেনে বাড়তি প্রবণতা লক্ষ করা গেছে।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পুঁজিবাজারের জন্য একটি তহবিল জোগান দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সরকারের অনুমোদন সাপেক্ষে এই তহবিল পুনঃ অর্থায়ন তহবিল হিসাবে শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোকে দেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলো ডটকমকে বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের উচ্চ পর্যায়ের ইতিবাচক পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের জন্য ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়নের ঘোষণা দিয়েছে, যার ইতিবাচক প্রতিক্রিয়া বাজারে পড়ছে।

আর ডিএসইর সভাপতি রকিবুর রহমান মনে করেন বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের উচ্চ পর্যায় থেকে নীতিগত সহযোগিতাই যথেষ্ট। তিনি বলেন, সরকারের ইতিবাচক মনোভাব থাকলে বাজারে আস্থা ফিরে আসবে, বিনিয়োগকারীরা বাজার মুখী হবেন। বাংলাদেশ ব্যাংকের ৯০০ কোটি টাকা পুনঃ অর্থায়নের ঘোষণাকে সাধুবাদ জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বাজারের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়নের ঘোষণা কিছুটা হলেও বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি নিয়ে আসবে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭৮ পয়েন্টে। একই সঙ্গে সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৮ পয়েন্ট।

ডিএসইতে আজ ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টিরই দাম বেড়েছে। কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৪৬৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪৩৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, বিএসসিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, বেক্সিমকো, তাল্লু স্পিনিং, এনবিএল, আমরা টেকনোলজিস, তিতাস গ্যাস প্রভৃতি।

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৫৪৭  পয়েন্টে। সিএসইতে আজ ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে ১১৭টিরই দাম বেড়েছে, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।