আইসিসিবির কর্মশালায় অভিমত
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিরোধের চেয়ে ব্যাংক খাতে জালিয়াতি দ্রুত হারে বাড়ছে

দেশের ব্যাংক খাতে জালিয়াতির ঘটনা কেন্দ্রীয় ব্যাংকের জালিয়াতি প্রতিরোধ কার্যক্রমের চেয়ে দ্রুত হারে বাড়ছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের (আইসিসিবি) সহসভাপতি লতিফুর রহমান ‘ব্যাংক কার্যক্রমে আন্তর্জাতিকমানের চর্চা-২০১৩’ (আইএসবিপি) ও ‘ব্যাংকের দেনা পরিশোধের বাধ্যবাধকতায় অভিন্ন নিয়ম’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন। তাঁর মতে, ‘দেশে সাম্প্রতিক সময়ের ব্যাংকিং প্রতারণা আর কিছুই নয়, এটা কিছু ব্যাংক কর্মকর্তা ও প্রভাবশালী গোষ্ঠীর যোগসাজশে সংঘটিত তথাকথিত কোম্পানির জালিয়াতি।’
আইসিসিবি আয়োজিত এই কর্মশালা পরিচালনা করেন ভিনসেন্ট ও’ব্রায়ান ও ডিগবি বেনেট। এতে আরও বক্তব্য দেন আইসিসিবির মহাসচিব আতাউর রহমান। কর্মশালাটিতে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের ১৬৬ জন কর্মকর্তা অংশ নেন।
আইসিসিবির সহসভাপতি বলেন, জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংককে সরকারি ব্যাংকগুলোর তদারকির জন্য পূর্ণ স্বাধীনতা দিতে হবে, যেমনটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ব্যাংকিং খাতসহ ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে সরকারি ব্যাংকগুলোর পরিচালনায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের কোনো হস্তক্ষেপ থাকা ঠিক নয়।
লতিফুর রহমান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কোম্পানিগুলো প্রতারণা ও প্রতারকের ঝুঁকির মধ্যে পড়ছে। তিনি মনে করেন, সাম্প্রতিক সময়ের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রতারণার ঘটনা গোটা ব্যাংক খাতকে ঝাঁকি দিয়েছে এবং প্রকৃত কোম্পানিগুলোর ব্যাংক থেকে অর্থ সহায়তা পাওয়া ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো এলসি আ ঋণপত্র খোলার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করায় নিকটতম অতীতে আমদানি কমেছে। এ ধরনের চ্যালেঞ্জ মোকবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
জনাব রহমান আরও বলেন, ‘আইসিসি বাংলাদেশ মাঝেমধ্যে স্থানীয় আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ও তাদের ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে জালিয়াতিমূলক কর্মকাণ্ডের তথ্য পেয়ে থাকে। এতে আমরা লক্ষ্য করেছি, অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের সমস্যাসমূহের সমাধান কঠিন হয়ে পড়ে। অথচ প্রতিকারের ব্যবস্থা জানা থাকলে সহজেই সমস্যা থেকে মুক্ত থাকা যায়।’