কেন্দ্রীয় ব্যাংকের বেশি কিছু করার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ তসলিম, অর্থনীতিবিদ
এম এ তসলিম, অর্থনীতিবিদ

বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংক সংযত মুদ্রানীতি ঘোষণা করছে। এবারও তারই ধারাবাহিকতা। অবশ্য বর্তমান প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের এর চেয়ে খুব বেশি কিছু করারও নেই। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সংযত মুদ্রানীতির কারণে কিছু ভালো ফলও পাওয়া গেছে। মুদ্রানীতি দিয়েই মূল্যস্ফীতিকে সহনীয় মাত্রায় নামিয়ে আনাসহ জাতীয় প্রবৃদ্ধিকে একটি পর্যায়ে ধরে রেখেছে বাংলাদেশ ব্যাংক। তবে নানা পদক্ষেপের পরও প্রবৃদ্ধিকে কাঙ্ক্ষিত মাত্রায় নেওয়া যাচ্ছে না।
চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতি কেমন হয়েছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম এই মন্তব্য করেন। তিনি বলেন, সামগ্রিকভাবে অর্থনীতিতে চাঙাভাব নেই। ৭ শতাংশ বা তার ওপরে প্রবৃদ্ধির জন্য বেসরকারি খাতের যে বিনিয়োগ প্রয়োজন, সেটি হচ্ছে না। এ কারণে সরকারি বিনিয়োগ বাড়ানো হয়েছে।কিন্তু সরকারি বিনিয়োগে অপচয় বেশি বলে প্রবৃদ্ধিতে তার সুফল মিলছে না।
এম এ তসলিম বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত অর্থবছরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে এ ঋণ প্রবৃদ্ধি আরও অনেক বাড়াতে হবে। তিনি আরও বলেন, ব্যাংকের কাছে টাকা আছে, কিন্তু ব্যক্তি খাত সেখান থেকে টাকা নিচ্ছে না। বিনিয়োগকারীদের এ অনাগ্রহের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সমস্যার পাশাপাশি দক্ষ মানবসম্পদের ঘাটতির সমস্যা উল্লেখযোগ্য। এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের খুব বেশি করণীয়ও নেই।
অধ্যাপক তসলিম জানান, আর্থিক খাতে সুদের হার নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করা বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। এর মধ্যে প্রথম দুটিতে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক সফল হলেও আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে পারেনি।