কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার তীব্র সমালোচনায় ফরাসউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ব্যাপকভাবে ঋণ গ্রহণের এবং সঞ্চয়পত্রের মুনাফার ওপর করারোপের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। ফরাসউদ্দিন বলেছেন, গত দুই -তিন বছর কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার যেভাবে ঋণ নিয়েছে, যা ঠিক করেনি। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া খারাপ। এতে মূল্যস্ফীতি বাড়ে। সাবেক এই গভর্নর জানান, ব্যাংকব্যবস্থা থেকে আগেও ধার করা হতো লুকিয়ে-চুরিয়ে। স্বচ্ছতার জন্য প্রথমবার বাজেটে তা ঢুকিয়েছেন শাহ এ এম এস কিবরিয়া। রাজস্ব নীতির দুর্বলতার উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, পেনশনার সঞ্চয়পত্রে কম লভ্যাংশ দেওয়া এবং কর বসানোর মতো ঘটনা বিশ্বের কোথাও আছে বলে তাঁর জানা নেই। তিনি বলেন, সঞ্চয়পত্র কিনে থাকে মধ্যবিত্ত, অবসরভোগী ও নিম্ন আয়ের মানুষ। তাই আগামী বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘বাজেট রিপোর্টিং’ শীর্ষক কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য দিতে গিয়ে ফরাসউদ্দিন এসব কথা বলেন। ফরাসউদ্দিন বলেন, ‘রেমিট্যান্সের সিংহভাগ ভোগে ব্যয় হলেও সহ্য করা যায়। সর্বনাশা হচ্ছে আন্ডারইনভয়েসিং ও ওভারইনভয়েসিং। রাজস্ব আদায় হচ্ছে বলে যতই এনবিআরের গুণগান করি না কেন, সম্পদ কিন্তু বাইরে চলে যাচ্ছে।’ করপোরেট কর কমানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে রাখতে হবে, অন্য দেশে করপোরেট কর কম থাকলেও মুনাফার ওপর কর (গেইন ট্যাক্স) থাকে। আমাদের দেশে এ কর নেওয়া হয় না।’ আইএমএফের ঋণ প্রসঙ্গে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘আইএমএফ যেসব শর্ত দিয়েছে, তা দেশের জন্য দরকার। বাংলাদেশের জন্য আইএমএফের প্রত্যয়নেরও দরকার।’তবে সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান আইএমএফের ঋণের শর্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আকবর আলি বলেন, সরকার আমাদের কথা যেহেতু শোনে না, আইএমএফের কথা যদি একটু শোনে, তাতেও লাভ হবে। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ হলো, ভর্তুকি নিয়ে সংস্থাটি বেশি হইচই করে। তিনি বলেন, ‘আইএমএফ সত্যি সত্যিই রোগী ভালো করার চেষ্টা করে, কিন্তু ওষুধ দিয়ে ফেলে মাত্রাতিরিক্ত। ভর্তুকি কমানো দরকার ঠিক, আইএমএফের মতানুযায়ী তা পুরোপুরি তুলে দেওয়া উচিত হবে না।’আকবর আলি খান আরও বলেন, ‘আমি বলি যে অর্থনীতি অসুস্থ, সংকট আছে, তারল্য চাপও আছে। আর আইএমএফ বলেছে, সামষ্টিক অর্থনীতিতে চাপ রয়েছে। কথা একই। কিন্তু সরকার আইএমএফেরটা স্বীকার করলেও আমারটা করছে না। বরং মনে করা হয়, আমি বুঝি সরকারবিরোধী লোক। কিন্তু আমি তো বলি সরকারেরই ভালোর জন্য।’ আকবর আলি খান বলেন, ‘উচ্চ রক্তচাপ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সামষ্টিক অর্থনীতিতে চাপও অর্থনীতির জন্য তাই। বারবার সতর্ক করেছি। কিন্তু কেউ কর্ণপাত করেনি। তবে আমার মতো লোকের বিএনপি না আওয়ামী লীগ ক্ষমতায় থাকল, তা নিয়ে মাথাব্যথা নেই।’ বাজেট আলোচনা ও প্রণয়নে সাংসদদের ভূমিকা না থাকায় দেশের বাজেট-পদ্ধতিকে ত্রুটিপূর্ণ আখ্যা দেন আকবর আলি খান। তিনি বলেন, দুই দশক ধরে সংসদে বিরোধী দলের অনুপস্থিতি যথাযথ বাজেট প্রণীত না হওয়ার আরেক কারণ। একজন বিরোধী সাংসদও যদি আলোচনায় অংশ নিতেন, জনগণ উপকৃত হতো। উদ্বোধনের পর অনুষ্ঠিত তিনটি কার্য-অধিবেশনে বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য আমিনুর রহমান এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম। এম এ তসলিম বলেন, দুর্ভাগ্যজনক যে রাজস্ব আদায়ে আয়কর ততটা গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠতে পারেনি। এনবিআর ভোক্তাশ্রেণীর সঙ্গে কোনো বাজেট আলোচনা করেন না বলে আক্ষেপ করেন তিনি। ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালা পরিচালনা করেন ইআরএফের সভাপতি খাজা মাঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি।