নিজের স্বায়ত্তশাসন নিয়ে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, পরিপূর্ণ স্বায়ত্তশাসনই ভোগ করছে বাংলাদেশ ব্যাংক। যেকোনো সিদ্ধান্তই নিতে পারে তারা।
সচিবালয়ে গতকাল বুধবার বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ) কর্মসূচির আগামী কিস্তির অর্থ ছাড় নিয়ে সফররত আইএমএফ মিশনের সমাপনী বৈঠক এবং আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সামনে রেখে অনুষ্ঠিত সম্পদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এসব কথা বলেন।
প্রত্যাশিত রাজস্ব আদায় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার অর্জন এবং বাজেট বরাদ্দের যথেচ্ছ ব্যবহার—এই তিন বিষয় নিয়ে আইএমএফ বেশি চিন্তিত বলে জানান তিনি।
মুহিত বলেন, ‘আইএমএফ বলেছে, তোমরা অনেক বড় বাজেট করো। আমি বলেছি যে উন্নয়নশীল দেশ হিসেবে তা করাই সংগত।’
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আইএমএফ খুশি কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, ব্যাংক খাত নিয়ে আইএমএফ তেমন কিছুই বলেনি। তবে বাংলাদেশ ব্যাংক আইএমএফকে বলেছে যে তাদের স্বায়ত্তশাসন তত হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যাচার (টোটালি লাইয়িং)।’
বাংলাদেশ ব্যাংক এ রকম বলল কেন—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘জানি না। এ ব্যাপারে আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। কে জানে, হয়তো ভাবছে তারা গুরুত্ব কম পাচ্ছে।’ বাংলাদেশ ব্যাংক সরকারের চেয়েও বেশি শক্তিশালী হতে চায় কি না, উল্টো সে প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী।
বেসিক ব্যাংকসহ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কি বাংলাদেশ ব্যাংক নিজেই পিছিয়ে থাকে—এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জানি না’। কোন কোন জায়গায় বাংলাদেশ ব্যাংক স্বাধীনতা চায় জানতে চাইলেও অর্থমন্ত্রী বলেন, ‘জানি না’। তবে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সব ধরনের ক্ষমতাই কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
গুরুতর অনিয়মের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই পারছে। সম্ভবত, স্বাধীনভাবে তা করছেও।’
বাজেট: আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৮০ হাজার কোটি টাকা এবং জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ রাখা হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এই অঙ্ক সম্ভাব্য। প্রকৃত অঙ্ক ঠিক করা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে।’
অর্থমন্ত্রী বলেন, প্রত্যাশার একটা বিস্ফোরণ হয়েছে দেশে। এত চাহিদা যে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। তার ওপর এবার রাজস্ব সংগ্রহ কিছুটা কাটছাঁট করতে হয়েছে।
আগামী বছরের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন—দুই খাতেই প্রত্যেক মন্ত্রণালয় অতিরিক্ত বরাদ্দ চেয়েছে বলে জানান অর্থমন্ত্রী। ধারাবাহিকতা বজায় রাখাটাই বড় ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যাশার বিস্ফোরণ অবশ্য খারাপ কিছু না। আমরা ভালো করছি বলেই না এমনটা তৈরি হয়েছে। তবে আমার হয়েছে জ্বালা। ভয়ংকর জ্বালা ও যন্ত্রণার মধ্যে আছি।’
প্রধানমন্ত্রী কি আপনার জ্বালাটা বুঝতে পারেন—জানতে চাইলে হাসতে হাসতে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই পারেন। নইলে তো কোনো কিছুই করতে পারতাম না।’