কেন্দ্রীয় ব্যাংকে বিদেশ সফরে কড়াকড়ি
কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের নিজস্ব অর্থায়নে কোনো ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া বাণিজ্যিক ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করে এমন কর্মসূচিতে অংশগ্রহণও নিরুৎসাহিত করা হচ্ছে।
গত ২০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের (ইএমটি) বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ডেপুটি গভর্নর ও সব নির্বাহী পরিচালক অংশ নেন। এতে গভর্নর বলেন, রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনায় ব্যাংকের ওপর মানুষের আস্থায় কিছুটা হলেও চিড় ধরেছে। সততা, নিষ্ঠা ও পেশাদারত্ব নিয়ে দায়িত্ব পালন করলে কেন্দ্রীয় ব্যাংকের গৌরব পুনরুদ্ধার করা সম্ভব।
সভায় কর্মকর্তাদের বৈদেশিক প্রশিক্ষণের ক্ষেত্রে সব কর্মকর্তাকে সমান সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক অর্থায়ন হলে এসব প্রতিষ্ঠানের কোনো সভায় কর্মকর্তা প্রেরণ করা যাবে। কম গুরুত্বপূর্ণ ও অপ্রয়োজনীয় কোনো সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা প্রেরণ না করার সিদ্ধান্ত হয়।
সূত্রে জানা গেছে, প্রতিবছর বাজেটে কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের জন্য পৃথক বরাদ্দ থাকে। আগে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিদেশ সফর করেছেন।